
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রবাসী নেতা মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটে ফিরেছেন। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে তিনি ঢাকা থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় হাজারো নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান। পরে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে বড় শোডাউন করে আনোয়ারুজ্জামানকে শহরে নিয়ে আসা হয়।
এর আগে গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ১১ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে বেছে নেয়। ওই দিন থেকে ঢাকায় অবস্থান করা আনোয়ারুজ্জামান আজ প্রথম সিলেটে ফিরলেন। হাজারো নেতা-কর্মী বিপুলসংখ্যক যানবাহন নিয়ে শহরে আসার সময় বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
বিমানবন্দরে পৌঁছে হাত নেড়ে নেতা-কর্মী-সমর্থকদের অভিবাদনের জবাব দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাঁকে নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেই সঙ্গে তিনি দলীয় প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা চান। বিজয়ী হলে স্মার্ট সিলেট নগরের প্রতিশ্রুতি দেন তিনি।
বিমানবন্দরে আনোয়ারুজ্জামানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান প্রমুখ। এ ছাড়া স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর বাইরে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ১০ জনের মধ্যে কেবল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ ওরফে শিপলু উপস্থিত ছিলেন।
২০০২ সালে সিলেট পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। এই মহানগরের আয়তন ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার, ওয়ার্ড ৪২টি। সিটি করপোরেশন হওয়ার পর এবার পঞ্চমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। প্রথম চারবারই মেয়র পদে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরান। ২০২০ সালে তিনি মারা গেলে তাঁর জায়গায় নতুন প্রার্থী খোঁজা শুরু হয়।
৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের হয়ে মেয়র পদে ১১ জন ফরম সংগ্রহ করেছিলেন।
এর আগে গত ২২ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আনোয়ারুজ্জামান সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করে প্রচার শুরু করেন। এ সময় তিনি বলেন, দলের উচ্চপর্যায় থেকে তাঁকে নির্বাচনের বিষয়ে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। এর আগে গত দুটি সংসদ নির্বাচনে আনোয়ারুজ্জামান সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছিলেন।
আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, আনোয়ারুজ্জামান মহানগরের দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাই তাঁর মনোনয়ন চাওয়ার বিষয়টি অন্য মনোনয়নপ্রত্যাশীদের অনেকে মেনে নিতে পারেননি। এখন যদি দলের সব পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর পক্ষে সক্রিয় না হন, তাহলে জয় পেতে আনোয়ারুজ্জামানকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এমনকি দলে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ার শঙ্কাও আছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ জুন ইভিএমে সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।