নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সড়কে পার্ক করে রাখা অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস আগুন লেগে পুড়ে গেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে জানান, অনাবিল পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-১৭৪২) সাইনবোর্ড এলাকায় সড়কের পাশে পার্ক করা ছিল। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে বাসটিতে আগুন ধরে যায়। কীভাবে আগুন লেগেছে, তা কেউ বলতে পারেননি। এটি নাশকতা নাকি অন্য কিছু, তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
তবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকেও আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। তিনি বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাসটি সড়কে পার্ক করা ছিল। আগুন লাগার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’ তিনি আরও বলেন, কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা জানা যায়নি। ওই সময় বাসের কাউকে সেখানে পাওয়া যায়নি।