ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, নারীঘটিত বিষয়, ব্যক্তিগত রেষারেষি, সিটবাণিজ্য নিয়ে সংঘর্ষ হচ্ছে।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কয়েকটি দলে বিভক্ত। এতে দলের মধ্যে অন্তঃকোন্দল লেগেই আছে। আবাসিক হল ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, নারীঘটিত বিষয়, ব্যক্তিগত রেষারেষি, সিটবাণিজ্য, হলের গেম রুম, ডাইনিং রুম—এমনকি বাইরে খাবার হোটেলে ঠুনকো কথায় মারামারি, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তবে এরপর আর কোনো অগ্রগতি দেখা যায় না।
সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রায় সাড়ে চার ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলে। ক্যাম্পাসে ইটপাটকেল-ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে গভীর রাত পর্যন্ত মহড়া দেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় রাত একটায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল রোববার ক্যাম্পাসের প্রধান ফটকসহ সব কটি প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়। গতকাল ক্লাস ও পরীক্ষা হয়েছে।
কয়েকজন শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল হলে শেখ রাসেল কর্নারের উদ্বোধন অনুষ্ঠান ছিল। মঞ্চের সামনে বসা নিয়ে ছাত্রলীগের একাংশের নেতা আলমগীর হোসেন ও তাঁর অনুসারীদের সঙ্গে অন্য পক্ষের রিয়াদ খান-সজলের অনুসারীদের কথা-কাটাকাটি হয়। শুক্রবার আকাশের পক্ষের এক শিক্ষার্থী ওই দিনের ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। তাতে ক্ষুব্ধ হয় রিয়াদ-সজলের পক্ষ। শনিবার সন্ধ্যায় ওই পক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আকাশকে লাঞ্ছিত করে। এর জের ধরে রাত আটটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
■ গত দেড় বছরে ছোট-বড় ১২-১৪টি মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
■ সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে গত ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ৮ আবাসিক শিক্ষার্থী (১৭ ব্যাচের) একই হলের ১৪ ব্যাচের শিক্ষার্থী শাহআলম শিকদারের (ছাত্রলীগ নেতা) বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হল সুপার বরাবর লিখিত আবেদন করেছিলেন। সেখানে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তাঁরা। এ ছাড়া গত বছর জুলাইয়ে চার হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হলের জিনিসপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতে ইংরেজি বিভাগের বনভোজনকে কেন্দ্র করে শেখ রাসেল ও তাজউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থীদের সংঘর্ষ, ফেব্রুয়ারি মাসে মেয়েঘটিত বিষয় নিয়ে দুই ছাত্রের গন্ডগোল শেষ পর্যন্ত শেখ রাসেল এক্সটেনশন ও জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়ায়। ৮ মার্চ রাতে ফিশারিজ বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই হলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দেড় বছরে ছোট-বড় ১২-১৪টি মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেও তা কার্যকর না হয়ে ফাইলবন্দীই থেকে যায়। আগের ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়ে পরবর্তী সময়ে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগে নেতৃত্বদানকারী একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় কমিটি নেই। কেউ কাউকে মানছেন না। কেন্দ্রঘোষিত কর্মসূচি, জাতীয় দিবস পালন এবং স্থানীয় সংসদ সদস্যের অনুষ্ঠানে গিয়ে স্লোগান দেওয়া ছাত্রলীগের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব, কমিটিতে পদ পাওয়ার জন্য শক্তি প্রদর্শন করতে গিয়েই এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। এমনকি পরস্পরের বিরুদ্ধে ৪টি মামলা করার ঘটনাও ঘটেছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১০ সালের অক্টোবরে। তারপর কেটে গেছে সাড়ে ১২ বছর। তৎকালীন কমিটির সবাই ছাত্রত্ব শেষ করে ক্যাম্পাস ছেড়েছেন। গত উপাচার্যের সময়ে কয়েকজন নেতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দপ্তরে চাকরিও পেয়েছেন। কমিটি না থাকায় ছাত্রলীগ বিভক্ত হয়েছে ৫-৭টি দলে। স্বার্থের দ্বন্দ্বসহ নানা কারণে প্রতিটি দলে রদবদলও হয়। তবে শনিবারের ঘটনার পর ক্যাম্পাসে ছাত্রলীগের দৃশ্যমান দুটি পক্ষ দেখা গেছে। রিয়াদ-সজল-ধনেশ-জামান-শাহআলম-রাসেল আলভী পক্ষের বিপরীতে আছে রনি-আকাশ-ইলিয়াস-শুভ-শিহাব পক্ষ।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন সাংগঠনিক চর্চার মধ্যে নেই। এতে তাঁদের মধ্যে হযবরল দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মামুনুর রশিদ বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি আপাতত শান্ত। প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব কম সময়ে সব কটি ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।