
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে এক কৃষকের ডান কান বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইসহাক ফকিরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কান বিচ্ছিন্ন হওয়া কৃষকের নাম আবুল কালাম (৪৭)। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা।
কলাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে আবুল কালামের পরিবারের সঙ্গে তাঁর প্রতিবেশী সাইফুল ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে আবুল কালামের সঙ্গে সাইফুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুলের হাতে থাকা রডের আঘাতে আবুল কালামের ডান কান সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর থেকে সাইফুল ইসলাম গা ঢাকা দেওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিন জাহান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ডান কান বিচ্ছিন্ন অবস্থায় আবুল কালাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গতকাল রাতে আবুল কালামের ভাইয়ের স্ত্রী রেনু আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সাইফুল ইসলামের ভাই সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিম উদ্দিন মামলার ২ নম্বর আসামি। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।