
বান্দরবানের থানচি উপজেলায় ম্যালেরিয়া আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম লেংরাই ম্রো (৯)। সে থানচি সদর থেকে ১২ কিলোমিটার দূরের কাইতংপাড়ার য়ংরুং ম্রোর ছেলে। আজ সোমবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে লোংরাই ম্রোর ম্যালেরিয়া শনাক্ত হয়। ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে যুক্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা তাকে এক সপ্তাহের ওষুধ দেন। আজ ভোরে অসুস্থ ছেলেকে রেখে বাবা জুমঘরে গিয়েছিলেন। পরে ছেলেকে প্রতিবেশীর কাছে রেখে বাজারে যান মা। এর মধ্যেই জ্বরের মাত্রা বেড়ে যায় শিশুটির। এতে প্রতিবেশীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সাংবাদিক মংবোওয়াংচিং মারমা প্রথম আলোকে বলেন, শিশুটি মাকে ডাকতে ডাকতেই মারা যায়। বাজার থেকে বাড়িতে ফিরে মা শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পান। পরে হাসপাতালে গিয়ে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু লেংরাই ম্রোর মৃত্যু হয়। মৃত্যুর আগে তার ম্যালেরিয়া শনাক্ত হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যালেরিয়ায় আক্রান্ত আটজন চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।