
যশোর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রে গিয়ে প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত করার ঘটনায় যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ওরফে ম্যানসেলকে (৩৬) দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কারের চিঠি ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোর পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে মেহবুব রহমানকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আজ (বুধবার) সাময়িক বহিষ্কারের ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।’
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বেলা তিনটার দিকে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রে চিকিৎসা নিতে যান যুবলীগ নেতা মেহবুব রহমান। রেজিস্ট্রেশন করার পর তাঁকে ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তাঁর থেরাপি নেওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন ওই মেশিন প্রস্তুত করে দেন। এ সময় কেন্দ্রের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে তিনি মেশিনটি চালু না করে দিয়েই চলে যান। এরপর মেহবুব ও তাঁর সঙ্গে থাকা লোকজন আল আমিনকে ডেকে মারধর করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়।
এ ঘটনায় মুনা আফরিন বাদী হয়ে ওই দিন বিকেলেই কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলায় মেহবুবসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদেরকে আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার মেহবুব রহমান যশোরের ষষ্ঠীতলাপাড়া এলাকার মো. আলমাসের ছেলে। তাঁর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন শহরের রাকিব হোসেন ওরফে ভাইপো রাকিব, অনিক হাসান ওরফে মেহেদী হাসান ও মীর সাদী। তাঁদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সবার বাড়ি যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সরকারি অফিসে ঢুকে কাজে বাধা দেওয়া, কর্মকর্তাকে লাঞ্ছিত করা, কর্মচারীকে মারপিট ও হুমকি দেওয়ার অভিযোগে মেহবুব রহমান ওরফে ম্যানসেলের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত তিনজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
২০১৯ সালে পুলিশি অভিযানের সময় মেহবুব রহমান তাঁর বাড়ির ছাদে গুলিবিদ্ধ হন। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশ মেহবুবকে তাঁর বাড়ির ছাদে নিয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এতে মেহবুবের একটি পা কেটে ফেলতে হয়। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মেহবুবের পায়ে গুলি লাগে।