রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা এবং প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন।
এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাত দশক ধরে সমাজ ও বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গৌরবময় ভূমিকা পালন করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের কথা স্মরণ করে তিনি বলেন, উচ্চশিক্ষার বিস্তারে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তাদের অবদান সদা স্মরণীয়। সাত দশকের এই বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থান থেকে আগামী দিনে আরও এগিয়ে নিতে সবাইকে নিবেদিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সহ–উপাচার্য হুমায়ুন কবীর বলেন, সাত দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশে জ্ঞানের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবার উচিত হবে একে ধারণ ও লালন করা। বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে সবাইকে আরও যত্নবান হতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য ও সহ-উপাচার্য শাবাশ বাংলাদেশ চত্বরে গাছের চারা রোপণ করেন।