
গাজীপুরের শ্রীপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত তাজুলের এতিম দুই শিশু ১৫ বছর ধরে পাবে পড়াশোনা ও ভরণপোষণের খরচ। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামে শিশুদের বাড়িতে গিয়ে প্রথম মাসের টাকা হস্তান্তর করেছেন একটি সংস্থার প্রতিনিধি।
পরিবারটির দুর্দশার খবরে শিশু দুটির পাশে দাঁড়িয়েছে বেনিফিটস ফর উম্মাহ নামের একটি বেসরকারি সংস্থা। প্রবাসীদের অনুদানে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক এই সংস্থার বাংলাদেশের পরিচালক মো. সাজ্জাদ হোসেন এতিম শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ভরণপোষণ ও পড়াশোনার মাসিক খরচ নির্ধারিত করেন তাঁরা। পরে লিখিত আকারে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ টাকা দেওয়ার চুক্তিপত্র ওই এতিম শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের সংস্থা থেকে সমাজের অসহায়, দুস্থ লোকজনকে অর্থ ও খাদ্যসহায়তা করা হয়। সম্প্রতি প্রথম আলোয় এতিম দুই সন্তান নিয়ে অসহায় এক মায়ের আকুতির খবরটি তাঁদের নজরে এসেছে। ওই শিশু দুটিকে আগামী ১৫ বছর প্রতি মাসে ৪ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম মাসের টাকা মঙ্গলবার রাতে ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৪ জুলাই গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ট্রেন-বাস সংঘর্ষে ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাচুয়া গ্রামের তাজুল ইসলাম (৩০) একজন। তিনি ছিলেন বাসের চালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তাজুল ইসলামের মৃত্যুর পর তাঁর পরিবার চরম দুর্দশায় পড়ে।
দুই এতিম শিশুকন্যাকে নিয়ে তাজুলের স্ত্রী সাথী আক্তারের দুর্দশার কথা তুলে ধরে গত ২৬ জুলাই প্রথম আলো অনলাইন সংস্করণে ‘আমার দুইডা এতিম বাচ্চার জন্য কিছু কি করতে পারবাইন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
১৫ বছরের সহায়তার নিশ্চয়তা পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন এতিম শিশুদের মা সাথী আক্তার। তিনি বলেন, স্বামী হারিয়ে তিনি দুই সন্তান নিয়ে তিনি কষ্টে দিন পার করছিলেন। এমন দুর্দিনে ১৫ বছরের জন্য সহায়তার নিশ্চয়তা পাওয়ায় অনেক উপকৃত হবেন। সন্তানদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে চান তিনি।