জমি নিয়ে বিরোধের জেরে প্রাইভেট কার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলার অঅগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. আমজাদ হোসেন নামের এক ব্যক্তির প্রাইভেট কার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার তরগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ‌

আমজাদ হোসেন তরগাঁও উত্তরপাড়া এলাকার মো. কাজিম উদ্দিনের ছেলে। আগুন লাগার খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে টয়োটা প্রিমিও মডেলের গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মধ্যরাতে আমজাদ হোসেনের চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। সেখানে গিয়ে দেখেন, আমজাদ হোসেনের বাড়ির পাশেই গ্যারেজের ভেতর গাড়িতে আগুন জ্বলছে। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। একই সঙ্গে তাঁরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নেভানের আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার তরগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

গাড়ির মালিক আমজাদ হোসেনের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরেই তাঁর গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর আগে গতকাল তাঁর মালিকানাধীন একটি পোলট্রি ফার্ম ও বাড়ির থেকে কিছুটা দূরে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।

আমজাদ হোসেন বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে পাশের বাড়ির কয়েকজন মিলে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমি তাদের দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। এ ঘটনায় আইনের আশ্রয় নেব। এর আগেও তাঁরা আমার সুপারিবাগান ও মাল্টাবাগানের সব গাছ কেটে ফেলেছিল।’

কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুনে একটি গাড়ি পুড়ে গেছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে যাওয়ার সড়কটি খুবই দুর্গম ছিল। সরু সড়কের দুই পাশে ঘন গাছপালা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘটনাস্থল পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি। তবে গাড়ি ছাড়াই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।’