বরিশাল সিটির ওয়ার্ড পরিক্রমা

রাস্তাঘাট বেহাল, পানির সংকটও প্রকট

পানি সরবরাহের ব্যবস্থা নেই। ফলে বাসিন্দারা পানিসংকটে ভোগেন সারা বছর। নেই সড়কবাতি।

বরিশাল নগরের ২৮ নম্বর ওয়ার্ডের চহতপুর এলাকার বেহাল সড়ক। শুষ্ক মৌসুমে ধুলা আর বর্ষায় কাদায় এই সড়ক দিয়ে হেঁটে চলাও দুষ্কর
প্রথম আলো

বরিশাল নগরের পশ্চিমাংশে ফিশারিজ সড়ক থেকে দক্ষিণে মহানগর কলেজ পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়কটির পুরোটাই ভাঙাচোরা। বিভিন্ন স্থানে সড়ক দেবে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাই দুরূহ। এই অংশটি বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।

শুধু সড়কের দুরবস্থা নয়, ওয়ার্ডটির বিভিন্ন স্থানে পর্যাপ্ত নালা না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। এ ছাড়া পানির সংকটও প্রকট।

কাশীপুর, দিয়াপাড়া, হরিপাশা, চহুতপুর এলাকা নিয়ে ২৮ নম্বর ওয়ার্ডটি গঠিত। ওয়ার্ডটির জনসংখ্যা প্রায় ১২ হাজার। ওয়ার্ডটির আয়তন শূন্য দশমিক ৫৮ বর্গকিলোমিটার।

গত ১৮ এপ্রিল সরেজমিনে ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যায়, রাস্তাঘাট, নালা সবই বেহাল। পানি সরবরাহের ব্যবস্থা নেই। ফলে বাসিন্দারা পানিসংকটে ভোগেন সারা বছর। নেই সড়কবাতি। তবু সিটি করপোরেশনের গৃহকরের (হোল্ডিং ট্যাক্স) সঙ্গে সড়কবাতি ও পানি সরবরাহের জন্য বাড়তি কর গুনতে হয় ওয়ার্ডবাসীর। চহুতপুর এলাকার সড়কটি ভেঙেচুরে এতটাই বেহাল যে এখন আর তা দিয়ে পায়ে হেঁটে চলাও দুষ্কর।

বাসিন্দারা বলেন, নির্বাচনের সময় প্রার্থীরা ভোট চাইতে এসে উন্নয়নের আশ্বাস দেন। কিন্তু পরে আর খবর নেন না।

ফিশারিজ রোড এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মুজাহার হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা সিটির মধ্যে থাকি, এইটা বোঝার উপায় নাই। ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা নাই। পাঁচ-ছয় বছর ধরে ফিশারিজ সড়কটি বেহাল পড়ে আছে। দেখার যেন কেউ নেই। ওয়ার্ডের কোনো সড়কই ভালো নেই।’

এই ওয়ার্ডের কাশীপুরের বাসিন্দা আবু হানিফ বলেন, ‘আমাদের ওয়ার্ডে করপোরেশনের পানি সরবরাহের লাইন আসেনি। পানিসংকটে আমরা দুর্ভোগ পোহাচ্ছি। গত পাঁচ বছরে আমাদের ওয়ার্ডে উন্নয়ন বলতে কিছুই হয়নি। অথচ আমরা ট্যাক্স দিই। কিন্তু সেবা পাই না। বছর বছর ট্যাক্সের বোঝা বৃদ্ধি ছাড়া সিটি করপোরেশনে আওতাভুক্ত হয়ে আমাদের কোনা উপকারই হয়নি।’

২০২০ সালের ১১ ডিসেম্বর ওই ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর কবির মৃত্যুবরণ করেন। এর পর ওয়ার্ডটির কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করা হয়। পরে ২০২১ সালের অক্টোবরে উপনির্বাচনে এখানে কাউন্সিলর পদে জয়ী হন মো. জাহিদ হোসেন।

ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কাউন্সিলর মো. জাহিদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। 

তবে এই ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রাশিদা পারভীন বলেন, ‘এমনিতে ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধনসহ অন্যান্য নাগরিক সুবিধা সাধ্যমতো দিয়েছি। কিন্তু উন্নয়নের ব্যাপারে তো আপনারা সবই জানেন। বরাদ্দ পাইনি।’ 

জনগণ আপনাদের ব্যাপারে ক্ষুব্ধ কি না—এমন প্রশ্নে রাশিদা পারভীন বলেন, ‘মানুষ এখন অনেক বেশি সচেতন। তাঁরা সবই জানেন এবং বোঝেন। আমাদের সাধ থাকলেও সাধ্য ছিল না, এটা তাঁরা বুঝতে পারেন। তাই তাঁদের আমাদের প্রতি ক্ষোভ নেই।’