
পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত। এই ফাঁকে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় এক শিশু। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরে শিশুটির নিস্তেজ দেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম মাইশা আক্তার (৪)। সে চাপাতিয়া গ্রামের মনির হোসেনের মেয়ে। মাইশাকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারের লোকজন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টায় পরিবারের সদস্যরা যার যার মতো করে ব্যস্ত ছিলেন। এ সময় মাইশা বসতঘরের সামনের উঠানে একাকী খেলা করছিল। খেলতে খেলতে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তাঁরা মাইশাকে প্রথমে উপজেলার নারায়ণপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মনির হোসেন বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যদের অসচেতনতার কারণে তাঁর মেয়ে পানিতে ডুবে মারা যায়। মেয়ের প্রতি মনোযোগের অভাবেই এ ঘটনা ঘটে। মেয়েকে হারিয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা শোকে আচ্ছন্ন। মেয়ে হারানোর এ কষ্ট তাঁরা কোনো দিন ভুলতে পারবেন না।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় তাঁর থানায় কোনো অপমৃত্যুর মামলা হয়নি।