
নেত্রকোনার দুর্গাপুরে একটি খাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া খাল থেকে স্থানীয় থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই নারীর নাম সুশীলা হাজং (৫৫)। তিনি কুল্লাগড়া ইউনিয়নের বগাউড়া গ্রামের দেবেন্দ্র বেতেন্দ্র হাজংয়ের স্ত্রী। সুশীলা দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুশীলা হাজং গতকাল শুক্রবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সন্ধ্যা থেকে সুশীলার স্বজনেরা বাড়ির আশপাশের বিভিন্ন খোঁজাখুঁজি করেন। তবে তাঁরা সুশীলার কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় লোকজন ছনগড়া খালে এক নারীর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে সুশীলার পরিবারের সদস্যরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল ইসলাম বলেন, সুশীলার পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি সাঁতার জানতেন না। তাই ধারণা করা হচ্ছে, তিনি খাল পারাপারের সময় পানিতে ডুবে মারা গেছেন। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।