
২৩ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে ওই নৌপথের নরসিংহপুর ফেরিঘাট থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে একটি ফেরি চাঁদপুরের হরিণাঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এরপর ওই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের ভেদরগঞ্জের বালারবাজার বেইলি সেতুর সংস্কারকাজের জন্য গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, সদর উপজেলার মনোহরবাজার থেকে ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক। এর দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। ওই সড়কের পাঁচটি স্থানে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় বেইলি সেতুর স্থানে আরসিসি সেতুর নির্মাণকাজ চলছে।
ভেদরগঞ্জের চরসেনসাস ইউনিয়নের বালারবাজারে পদ্মার শাখা নদীর ওপর বেইলি সেতু আছে। সেই সেতুর পাশ দিয়ে ওই প্রকল্পের আওতায় ‘বালারবাজার সেতুর’ নির্মাণকাজ চলছে। বর্তমানে ওই বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচল করায় বেইলি সেতুটির কিছু স্থানে ত্রুটি দেখা দিয়েছে, এ কারণে তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়।
ওই সড়কের বেইলি সেতুটি মেরামতের জন্য শুক্রবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বালারবাজার অংশে সড়ক বন্ধ থাকার বিজ্ঞপ্তি দেয় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট কর্তৃপক্ষ। যানবাহনের চালকদের হয়রানি ও ভোগান্তি এড়ানোর জন্য তারা বিআইডব্লিউটিসিকে ফেরি চলাচল বন্ধ রাখার জন্য চিঠি দেয়। বিআইডব্লিউটিসি বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। শুক্রবার রাত থেকে শনিবার রাত ৯টা পর্যন্ত বেইলি সেতুর সংস্কারকাজ করা হয়। রাত ১০টার দিকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর বালারবাজারে অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক নরসিংহপুর ফেরিঘাট যাওয়া শুরু করে। রাত ১১টার দিকে পণ্যবাহী ট্রাক নিয়ে চাঁদপুরের হরিণাঘাটের দিকে ফেরি ছেড়ে যায়।
চাঁদপুর-শরীয়তপুর নৌপথ ব্যবহার করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিভিন্ন স্থানের পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চট্টগ্রাম অঞ্চলে চলাচল করে। নৌপথটিতে ৬টি ফেরি চলাচল করে। প্রতিদিন দুই শতাধিক যানবাহন পারাপার হয়।
বিআইডব্লিউটিসির চাঁদপুর-শরীয়তপুর নৌপথের নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, বালারবাজার বেইলি সেতু মেরামত করার জন্য দুই দিন যানবাহন চলাচল বন্ধ থাকার কথা ছিল। ২২ থেকে ২৩ ঘণ্টার মধ্যে সেতুর সংস্কারকাজ করা হয়ে যায়। তাই নির্ধারিত সময়ের আগেই যানবাহন চলাচল শুরু হয়। ঘাটে ট্রাক আসতে থাকায় ফেরিও চলাচল শুরু করে।