কুষ্টিয়া শহরে দিনদুপুরে সানি শেখ (সাগর) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সানি শেখ (২৭) একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রির শ্রমিক ছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় মাদক ব্যবসা নিয়ে সানি শেখের সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। সম্প্রতি একটি মামলায় কারাগার থেকে বের হয়েছেন সানি শেখ। মাদক কেনাবেচা নিয়ে বিরোধে খুন হতে পারেন সানি শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানি শেখ কুষ্টিয়া শহরে একটি কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে কোল্ডস্টোর গলিতে একদল দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে সানি মাটিতে লুটিয়ে পড়লে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে কয়েকজন পথচারী গুরুতর আহত অবস্থায় সানিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে কথা হয় নিহত সানি শেখের খালাতো ভাই তৌফিক ইসলামের সঙ্গে। তৌফিক জানান, তিনি সানি শেখদের বাড়িতে মাঝেমধ্যে থাকেন। একসঙ্গে কাজও করেন। তিনি আরও বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে এলাকায় ভাইয়ের (সানি শেখ) বন্ধু ভিকি, বিজয়, হৃদয়সহ আরও কয়েকজন মিলে আমাকে মারধর করেন। তাঁরা হুমকি দিয়ে বলেন, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়। তাকে খবর দে, বল তোকে মেরেছি।’
এরপর সানি শেখকে খুঁজতে বের হন তৌফিক। তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পরেই ফোন আসে, বলা হয় সানি ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর লাশ হাসপাতালে আছে। দৌড়ে হাসপাতালে গিয়ে ভাইয়ের লাশ দেখি। ভাইয়ের সঙ্গে তাদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তা জানি না। আমাকে মারলে ভাই ছুটে আসবে, সে জন্য আমাকে মেরেছে তারা।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, হাসপাতালে আসার আগেই সানি শেখ নামের ওই তরুণের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় ক্ষত চিহ্ন বেশি।
হাসপাতালের মর্গের সামনে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ওই যুবকের কাঁধ, পিঠ, পেটসহ শরীরের বেশ কয়েক জায়গায় কোপের অসংখ্য চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার পরপরই সেখানে যাওয়া হয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা নেওয়া হবে।