রাজশাহী নগরে সন্ধ্যা সাতটার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের দাবি

রাজশাহী নগরে বর্জ্য অপসারণের কাজ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বোয়ালিয়া মডেল থানার পাশে
ছবি: শফিকুল ইসলাম

রাজশাহী নগরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। রাত আটটার দিকে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, ‘গত চার বছর দ্রুত সময়ের কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী দেখতে পান নগরবাসী। এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্যার পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি এখন দায়িত্বে না থাকলেও বিগত সময়ের দিকনির্দেশনা ও আমাদের অভিজ্ঞতার আলোকে এবারও দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণে আমরা সক্ষম হয়েছি। পশু কোরবানির স্থান পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে এবং ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার।’

শেখ মো. মামুন জানান, এবার নগরের ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য মোট ২১০টি পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরেও নগরবাসী বাড়ি সামনে রাস্তা ও ফাঁকা জায়গা পশু কোরবানি করেন। বেলা ১১টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ কাজ শুরু করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। সন্ধ্যা সাতটার মধ্যে পশু জবাইয়ের স্থান থেকে শতভাগ বর্জ্য অপসারণ করে সিটি করপোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নিয়ে আসা হয়েছে। রাতের মধ্যে এসটিএস থেকে সব বর্জ্য ভাগাড়ে পাঠানোর কাজ শেষ হবে।

গতকাল সন্ধ্যার পর নগরের কুমারপাড়া, তালাইমারী ও কাজলা এলাকায় ঘুরে কোরবানির বর্জ্য দেখা যায়নি।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু জানান, কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের সব পরিচ্ছন্নতাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ওয়ার্ড ও কেন্দ্র মিলিয়ে ১ হাজার ৩৭৭ জন শ্রমিক পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন। জীবাণুনাশক হিসেবে প্রতিটি ওয়ার্ডে ৫০ কেজি ব্লিচিং পাউডার ও ৪০ কেজি চুন দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতার কাজে ২৪টি ট্রাক ও ২টি পানির গাড়ি ব্যবহার করা হয়। সার্বক্ষণিক মনিটরিংয়ে কন্ট্রোল রুম খোলা হয়।