নোয়াখালীতে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা আদায় চক্রের দুজন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও নগদ ২০ হাজার টাকা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের গাজী মেম্বারবাড়ির মো. ইমন (২১) ও একই গ্রামের চাঁন মিয়া মহুরীবাড়ির তাজুল ইসলাম ওরফে সজীব (২০)।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল ইমন ও সজীবের নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন। সেখানে বলা হয়, মারধর করে ওই ব্যক্তিকে এক তরুণীর বাড়িতে ঢুকিয়ে জোর করে অশ্লীল ভিডিও ধারণ করা হয়।

পরবর্তী সময় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর থেকে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে তাঁরা। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে ইমন ও সজীবকে গ্রেপ্তার করে ডিবি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরের দিকে আসামিদের কারাগারে পাঠানো হবে।