
ঈদের পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অপহরণ করা শিশুটিকে গতকাল শুক্রবার রাতে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, গত বৃহস্পতিবার বিকেলে বন্দর এলাকা থেকে শিশু মোহাম্মদ হোসেনকে (৯) অপহরণ করা হয়। সে একটি মাদ্রাসার শিক্ষার্থী। অপহরণকারী আলী হোসেন পটুয়াখালী সদর উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা। তিনি ট্রাকচালকের সহকারী। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে শিশুটিকে হত্যারও হুমকি দেওয়া হয়। স্বজনেরা প্রথমে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠালে আলী হোসেন শিশুটিকে রাজধানীর শ্যামপুর এলাকার একটি ভাড়া বাড়িতে তালাবদ্ধ করে রেখে গ্রামের বাড়িতে চলে যান।
পুলিশ সুপার আরও জানান, পরিবারের অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গতকাল রাতে ইসলামপুর থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর মুঠোফোন জব্দ করা হয় এবং বিকাশে নেওয়া ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত আড়াইটার দিকে শ্যামপুরের ওই তালাবদ্ধ বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তাঁর আরও দুই সহকারীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।