সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

প্রতিবেশীর লাশ আনতে যাচ্ছিলেন, পথে সড়ক দুর্ঘটনায় নিহত

সিলেট নগরে মারা যাওয়া প্রতিবেশী এক ব্যক্তির লাশ আনতে প্রাইভেট কারে করে সেখানে যাচ্ছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা। পথে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তাঁদের একজন। আজ রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমার সোনারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালকসহ আরও চারজন যাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (নিয়াজ)। বয়স ৫২ বছর। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে। দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত নজরুল ইসলামের ছোট ভাই স্থানীয় সংবাদকর্মী আজিজুল ইসলাম।

আহত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে আজিজুল ইসলাম বলেন, আবদুল আহাদ নামের তাঁদের এক প্রতিবেশী সিলেট নগরে তাঁর বাসায় গতকাল শনিবার রাতে মারা যান। আহাদ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদের সাবেক ইমাম। তাঁর লাশ বাড়িতে আনতে আজ সকালে ফজরের নামাজ পড়ে নজরুলসহ একই এলাকার আরও চারজন ব্যক্তি একটি প্রাইভেট কার ভাড়া করে সিলেটের উদ্দেশে রওনা দেন। সকাল ছয়টার দিকে সিলেটের সোনারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নজরুল ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন ছুটে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আজিজুল ইসলাম বলেন, বিনা ময়নাতদন্তে নজরুলের লাশ আনতে তাঁরা চেষ্টা চালাচ্ছেন। নজরুল বিবাহিত হলেও তাঁর কোনো সন্তান নেই।