
শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। এর আগে গত ৯ জানুয়ারি কৃষি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন-২০২৩-এর অনুমোদন দেওয়া হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ নাম ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদনের খবরে উৎফুল্ল ও আনন্দিত শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শরীয়তপুর জেলা প্রশাসন সূত্র জানায়, ২০২১ সালের ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরপর ওই বছর ১২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে খসড়া আইন প্রণয়ন করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রণয়ন করার পর তা জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মতামত গ্রহণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হয়ে খসড়া আইনটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। ৯ জানুয়ারি ওই খসড়া আইনটি অনুমোদন করা হয়। গতকাল মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। শরীয়তপুরে বিশ্ববিদ্যালয়টির নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর।
নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘পদ্মা-মেঘনাবেষ্টিত শরীয়তপুর জেলাটি অনেক অবহেলিত। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তে আমরা আনন্দিত। মন্ত্রিসভায় তা অনুমোদনের খবরে আমরা মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস করেছি। অবহেলিত জনপদে কৃষিশিক্ষা বিস্তারের সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এখন তা বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। তারপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য মাঠপর্যায়ের কাজ শুরু করা হবে।