ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে হামলা–ভাঙচুর, লুট

ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষের সময় দোকান ভাঙচুর করা হয়
ছবি: প্রথম আলো

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে সংঘর্ষ ও আজ বৃহস্পতিবার বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২টি শটগানের গুলি, ৫টি কাঁদানে গ্যাসের শেল, ২টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকালে পুলিশ গ্রামের বিভিন্ন ঘরে তল্লাশি করে ঢাল, সড়কিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পুলিশ ১১ জনকে আটক করেছে। উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তুজারপুর গ্রামে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন তুজারপুর গ্রামের ওমর মাতুব্বর (৬০), অপর পক্ষের নেতৃত্ব দেন তুজারপুর গ্রামের ওহাব ভূঁইয়া (৫৭)। দুই পক্ষের মধ্যে অতীতে অনেকবার হাঙ্গামার ঘটনা ঘটেছে। গত এক বছরে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে ওহাব ভূঁইয়ার পক্ষের রুহুল ভূঁইয়াকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন।

গত মঙ্গলবার রাতে ওহাব ভূঁইয়ার পক্ষের সাইদুল শেখকে (২০) মারধর করে ওমর মাতুব্বরের পক্ষের সিয়াম মোল্লা (২০)। পরদিন গত বুধবার সন্ধ্যায় পুনরায় সাইদুল শেখকে ওমর মাতুব্বরের পক্ষের লোকজন মারধর করেন। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর বুধবার দিবাগত রাত ১২টার পরে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ওমর মাতুব্বরের পক্ষের আবু সরদার, জাফর সরদার, ইলিয়াস সরদারের বাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। এভাবে রাত তিনটা পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের ধাওয়া, পাল্টাধাওয়া চলে। সংঘর্ষ থামাতে পুলিশও শটগানের গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পুনরায় ওমর মাতুব্বরের পক্ষের মজিবর মাতুব্বর, গিয়াস উদ্দিন মাতুব্বরের বাড়ি, কুদ্দুস মাতুব্বর ও কবিরউদ্দিন মোল্লার দোকান ভাঙচুর করেন প্রতিপক্ষের লোকজন। এ সময় লুটপাটের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দাবি করেন। এ সংঘর্ষে দুই পক্ষের পাঁচটি বাড়ি ও দুটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সংঘর্ষ থামাতে পুলিশ ৩২ রাউন্ড শটগানের গুলি, ৫টি কাঁদানে গ্যাসের শেল, ২টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গ্রামের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে।

সংঘর্ষে আহত ওহাবের পক্ষের শাহীন শেখ (৪৫), ইউসুফ ভূঁইয়া (৭০), আমিনুর ভূঁইয়া (৩৫), বায়োজিদ ভূঁইয়া (৩৫) এবং ওমর মাতুব্বরের পক্ষের নূরুদ্দিন মাতুব্বরসহ (৪৯) মোট ২০ জন স্থানীয় পর্যায়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তবে গ্রেপ্তার এড়াতে আহত কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি কোনো হাসপাতালে ভর্তি হননি বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।