সড়কে পানি জমে ডুবে গেছে ফুটপাতও। এ কারণে সড়ক বিভাজকের ওপর দিয়ে পার হতে হচ্ছে পথচারীদের। আজ দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায়
সড়কে পানি জমে ডুবে গেছে ফুটপাতও। এ কারণে সড়ক বিভাজকের ওপর দিয়ে পার হতে হচ্ছে পথচারীদের। আজ দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায়

চট্টগ্রামে জলাবদ্ধতা

২ মিলিমিটার বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, জুতা হাতে কাপড় গুটিয়ে পারাপার

ঘন কালো পানির নিচে তলিয়ে গেছে সড়কের প্রায় ১০০ মিটার অংশ। প্রাইভেট কার বা সিএনজিচালিত অটোরিকশার চাকা ডুবে যাচ্ছে ওইটুকু অংশ পার হতে গিয়ে। সড়কের দুই পাশেই গাড়ির চাকার ধাক্কায় পানির স্রোত এসে পড়ছে ফুটপাতের পাশের দোকানপাটের কাছে। পানিতে ডুবে আছে দুই পাশের সড়কের ফুটপাতও। নোংরা, দুর্গন্ধযুক্ত পানির নিচে নিমজ্জিত সড়কটি পার হতে রীতিমতো যুদ্ধে নামতে হচ্ছে পথচারীদের। জুতা হাতে, কাপড় গুটিয়ে কেউ পানিতে নেমেছেন। কেউ সড়ক বিভাজকের ওপর দিয়ে কসরত করে পার হন জায়গাটুকু। সড়কের দুপাশেই দীর্ঘ গাড়ির সারি। তীব্র যানজটে অচল পুরো এলাকা।

আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোডের প্রবর্তক মোড় এলাকায় দেখা যায় এমন চিত্র। আজ সকালে হালকা বৃষ্টি হয় নগরে। আমবাগান আবহাওয়া দপ্তরের হিসাবে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ২ মিলিমিটার। এই অল্প বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে যায়। সড়কের এক পাশে হিজড়া খালের সম্প্রসারণের কাজ চলছে। সেখানে খালের মুখে দেওয়া হয় অস্থায়ী বাঁধ। এ কারণে বৃষ্টি না হলেও এই এলাকার সড়কে পানি জমে থাকে। আর আজ সকালের অল্প বৃষ্টিতে পানির পরিমাণ বেড়েছে কয়েক গুণ।

মাত্র ২ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় পানি জমে গেছে। যানবাহন ও পথচারীদের চলচলে পড়তে হয়েছে দুর্ভোগে। আজ দুপুর ১২টায় তোলা

প্রবর্তক এলাকায় সড়কে পানির কারণে আজ সকাল থেকেই জিইসির মোড়, গোলপাহাড়সহ আশপাশের সব এলাকায় তীব্র যানজট ছিল। জিইসির মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত আধা কিলোমিটারেরও কম রাস্তা পার হতে সময় লেগেছে এক ঘণ্টা কিংবা তারও বেশি।

দুপুর ১২টায় প্রবর্তক মোড় এলাকায় গিয়ে দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বদনা শাহ মাজার গেট থেকে প্রবর্তক মোড় পর্যন্ত পুরো অংশটি ডুবে ছিল পানিতে। সড়কের বদনা শাহ মাজার অংশে খাল সম্প্রসারণের কাজ চলছে। খালের মুখে দেওয়া অস্থায়ী বাঁধের কারণে পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে খাল থেকে উপচে পানি সরাসরি সড়কে চলে আসছে। এর ফলে সড়কের দুই পাশেই গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। পানির স্থানটুকু পার হতে সময় লাগায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পানিতে ডুবে থাকা সড়কের পাশে ভিড় করেছিলেন ২০-২৫ জন পথচারী। কীভাবে সড়ক পার হবেন সিদ্ধান্ত নিতে সময় লাগছিল তাঁদের।

পানিতে ডুবে থাকা সড়কের বিভাজক দিয়ে পার হচ্ছে একটি পরিবার। আজ বেলা ১১টায় চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায়

কথা হয় সেখানে থাকা বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মাকসুদ আলমের সঙ্গে। তিনি প্যান্ট গুটাতে গুটাতে বললেন, এখন আইল্যান্ডের (সড়ক বিভাজক) ওপর দিয়ে যাওয়া ছাড়া গতি নেই। সেখানেও মানুষের ভিড়। ধীরে ধীরে সেই দিকে এগোলেন তিনি। যাওয়ার আগে মাকসুদ আলম বলছিলেন, ‘সবে তো বৃষ্টি শুরু হচ্ছে। এখনই যদি এই অবস্থা হয়, পুরো বর্ষাকালে কী হবে? তখন তো মনে হয় বাসা থেকেই বের হওয়া যাবে না।’

রাস্তার পাশে অটোরিকশা থামিয়ে দাঁড়িয়ে ছিলেন চালক শাহ নেওয়াজ। তাঁর কণ্ঠেও ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতার ক্লান্তি। তিনি বলেন, ‘১৫ বছর ধরে চট্টগ্রামে গাড়ি চালাই। প্রতি বর্ষায় এখানে হাঁটু থেকে গলাসমান পানি হয়। কিন্তু এবার তো বর্ষার আগেই এক মাস ধরে প্রতিদিন পানি উঠছে। এখন এই দিকে গাড়ি চালাই না।’

পাশের দোকানি মোহাম্মদ সেলিমও একই দুর্ভোগের কথা বললেন। তাঁর ভাষায়, ‘এক মাস ধরে এখানে কাজ চলছে। প্রতিদিন দুপুরের দিকে পানি ওঠে। আজ বৃষ্টি হওয়ায় সকাল থেকেই পানি। যতক্ষণ পানি থাকে, ততক্ষণ বেচাকেনা বন্ধ। কাজ দ্রুত শেষ হলে মানুষের কষ্ট কমবে।’

হিজড়া খালের সম্প্রসারণ কাজ চলায় এই সড়কে বৃষ্টি না হলেও পানি জমে থাকে। আজ দুপুর ১২টায় প্রবর্তক মোড় থেকে তোলা

সিটি করপোরেশন বলছে, হিজড়া খালটি গোলপাহাড়-মেহেদীবাগ এলাকা থেকে চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলী-চাক্তাই খালে গিয়ে মিলিত হয়েছে। দীর্ঘদিন দখলের কারণে খালটি সংকুচিত হয়ে গেছে। খালটির প্রকৃত প্রস্থ প্রায় ৩০ ফুট হলেও দখলের কারণে অনেক জায়গায় তা ১২ থেকে ১৫ ফুটে নেমে এসেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আমরা জায়গাটি পরিদর্শন করেছি। আমাদের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে।’