
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষ রিন্টু হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় নিহত রিন্টু দৌলতপুর উপজেলার কামারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ঝন্টু কামারের ছেলে। এ ঘটনায় রিন্টুর পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন আগে রিন্টু একই এলাকার হাসিব মেম্বারের ছেলে মুস্তাককে মারধর করে। এরই জের ধরে বুধবার রাতে বাগোয়ান কামারপাড়া এলাকায় একটি দোকানের পাশে রিন্টু দাঁড়িয়ে থাকা অবস্থায় মুস্তাক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় রিন্টুকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিন্টুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে।