
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া তিনটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। এর আগে গতকাল সোমবার এ–সংক্রান্ত একটি চিঠি রেলেওয়ের বিভিন্ন শাখায় পাঠানো হয় বলে পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার কারণে রাজশাহী-ঢাকা-রাজশাহী রেলপথে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ২৮ মের এবং রাজশাহী-ঢাকা-রাজশাহী রেলপথের পদ্মা এক্সপ্রেস ও খুলনা-রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ৩০ মের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া গোবরা-রাজশাহী-গোবরা রেলপথের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ২৭ মে থেকেই অতিরিক্ত দুটি কোচ সংযোজন করা হবে। এর মধ্যে একটি প্রথম শ্রেণি ও একটি শোভন চেয়ারের কোচ। ট্রেনটিতে অতিরিক্ত কোচ থাকবে ৩১ মে পর্যন্ত। আরও চারটি ট্রেনে অতিরিক্ত কোচ থাকবে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত।
এর মধ্যে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ও ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেস একটি করে প্রথম শ্রেণি ও শোভন চেয়ারের কোচ এবং রাজশাহী-খুলনা রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস ও পঞ্চগড়-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে একটি করে প্রথম শ্রেণির কোচ সংযোজন করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আসবেন। আবার পরীক্ষা শেষে চলে যাবেন। এ সময় যানবাহনে প্রচুর চাপ থাকে। তাঁদের কথা চিন্তা করে সাধ্যমতো সেবা দেবে রেলওয়ে। এ কারণে তাঁরা ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছেন। এ ছাড়া ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪ এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০ জন।
‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২৯ মে, ‘এ’ ইউনিটের (মানবিক) ৩০ মে এবং ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ৩১ মে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় অনুষ্ঠিত হবে।