
নোয়াখালীর মাইজদী বাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনের ডাস্টবিন থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে নবজাতকটিকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি ওই হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকাল সাতটার দিকে এক পথচারী শহরের মাইজদী বাজার এলাকার আল-রাজি হাসপাতালের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পাশের ডাস্টবিনে এক নবজাতকের কান্না শোনেন। এ সময় তিনিসহ স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে নবজাতককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ও নার্সেরা নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, ওই নবজাতককে শিশু ওয়ার্ডে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। হাসপাতালে কর্তব্যরত নার্সেরা তার দেখাশোনা করছেন।
আল-রাজী হাসপাতালের সুপারভাইজার মো. আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানের রাস্তা থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে গেছেন, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ যদি নবজাতককে নিতে চান, তাহলে আদালতের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।