
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক ব্যক্তির পানের ব্যাগে পাওয়া গেছে একটি দেশি অস্ত্র ও সাতটি কার্তুজ। বুধবার সন্ধ্যায় উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্টে পুলিশ এসব জব্দ করে। এ সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুর রহমান (৪৩)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাঝের ডেইল এলাকার বাসিন্দা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, আবদুর রহমান পানভর্তি একটি ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। চুনতি জাঙ্গালিয়ার পুলিশি চেকপোস্ট পার হওয়ার সময় আবদুর রহমানকে সন্দেহ করে পুলিশ। পুলিশের তৎপরতা বুঝে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁকে আটক করে। এ সময় ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও সাতটি কার্তুজ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আবদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।