থানায় নিয়ে হাত–চোখ বেঁধে পেটানোর অভিযোগে ওসির বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ঠাকুরগাঁও জেলার মানচিত্র
ঠাকুরগাঁও জেলার মানচিত্র

যুবলীগ নেতাকে থানায় নিয়ে হাত ও চোখ বেঁধে বেধড়ক পেটানো এবং বন্দুকযুদ্ধ নামে হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী মো. আসাদুজ্জামান ওরফে পুলক। তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মামলাটি আমলে নিয়েছেন আদালত।

মামলার আসামিরা হলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন; উপপরিদর্শক (এসআই) খোকা চন্দ্র রায়, মো. হাফিজ; পরিদর্শক (অপারেশন ইনচার্জ) মো. লতিফ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোতালেব।

আসাদুজ্জামানের আইনজীবী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, মামলাটি সদর থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসাদুজ্জামানের শারীরিক প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের জন্য জেলায় কর্মরত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন আদালত।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ওসি কামাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘২৯ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে বৈশাখী মেলার মধ্যে একদল যুবক মদ খেয়ে মেলায় নারীদের সঙ্গে অশ্লীল আচরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ পাঠালে ওই যুবকেরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন আসাদুজ্জামান ও খালিদ সিরাজ (জেলা যুবলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক) নামের দুজনকে আটক করেন। ওই সময় স্থানীয় লোকজন ওই দুজনকে মারধর করেন। এতে তাঁরা আহত হন। পরে পুলিশ জানতে পারে, আসাদুজ্জামান ও খালিদ সিরাজ যুবলীগ নেতা। সেখান থেকে তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। ওই রাতে জেলার যুবলীগ নেতারা থানায় এসে তাঁদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানান। তবে মেলা কর্তৃপক্ষ যেহেতু ওই দুজনকে পুলিশে দিয়েছে, তাই তাঁদের ছেড়ে দেওয়ার সুযোগ ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়। আসাদুজ্জামান আদালতে মামলা করেছেন বলে শুনেছি। রাতেই ছেড়ে না দেওয়ার কারণে সে (আসাদুজ্জামান) আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে। তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মো. আসাদুজ্জামান ওরফে পুলকের কাছ থেকে বালুমহালের জন্য চাঁদা দাবি করেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তিনি আসাদুজ্জামানের ওপর ক্ষিপ্ত ছিলেন। গত ২৯ এপ্রিল রাতে খালিদ সিরাজ ওরফে রকিকে পুলিশ মারধর করে। খবর পেয়ে আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটকের কারণ জানতে চান ওসির কাছে। এর একপর্যায়ে ওসি তাঁকে অকথ্য গালাগাল শুরু করেন। এরপর আরও কয়েকজন পুলিশ সদস্যকে ডেকে এনে আসাদুজ্জামানকে সরাসরি থানায় নিয়ে যান ওসি।

থানায় ওসির কক্ষে নিয়ে হাত পিছমোড়া করে হাতকড়া পরানো ও চোখে গামছা বাঁধা হয়। এরপর ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। ওই সময় আসাদুজ্জামানের মাথায় পিস্তল ঠেকিয়ে বলা হয়, ‘বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনতে বল, না হলে তোকে ক্রসফায়ারে মেরে ফেলব।’

আসাদুজ্জামান বাড়িতে এত টাকা নেই জানালে, ওসি তাঁর বুকের ওপর বুট দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে ওসিসহ অন্য পুলিশ কর্মকর্তারা আবারও তাঁকে পেটান। এতে তাঁর হাতের হাড় ভেঙে যায়। ওই সময় আসাদুজ্জামান পুলিশ কর্মকর্তাদের কাছে পানি চান। কিন্তু তাঁকে পানি দেওয়া হয়নি।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে রাত আড়াইটার দিকে আসাদুজ্জামানকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক হাতের এক্স–রে করাতে বললেও তা করা হয়নি। শুধু তিনটি ট্যাবলেট খাইয়ে হাসপাতাল থেকে থানায় আনা হয়। এরপর ওসি পরদিন ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেন।

এ বিষ‌য়ে মামলার বাদী আসাদুজ্জামান ব‌লেন, ‘ওসির নেতৃত্বে পু‌লিশ কর্মকর্তারা আমার স‌ঙ্গে অমানবিক আচরণ ক‌রে‌ছেন। অন্য কেউ যেন তাঁর (ওসি) এমন নির্যাতনের শিকার না হন, সে কারণে মামলা করেছি।’