গাজীপুরে প্রথম দিনে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় যুবলীগের চেয়ারম্যান

গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর নৌকার প্রার্থীর পক্ষে মিছিল বের করে যুবলীগ। মিছিলে যুবলীগের চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকালে নগরের চান্দনা চৌরাস্তা এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার প্রচারণা শুরুর দিনে গাজীপুরে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

সভা শেষে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খানের পক্ষে একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা-সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করে জেলা ও মহানগর যুবলীগ। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খানের (নিখিল) সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতউল্লা খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল। বক্তব্য দেন যুবলীগ নেতা মামুনুর রশীদ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার প্রমুখ।

সভায় শেখ ফজলে শামস্ বলেন, বিএনপি ছদ্মবেশে প্রার্থী দিয়ে নির্বাচন করবে। সরাসরি নির্বাচনে যাওয়ার তাদের সাংগঠনিক কোনো ভিত্তি নেই। তা ছাড়া কোন মুখে আগুন-সন্ত্রাসীরা জনগণের কাছে ভোট চাইতে যাবে। সে জন্যই তারা পেছনের পথ বেছে নিয়েছে। বিএনপি নির্বাচনের মাঠে অনুপস্থিত হলেও ষড়যন্ত্রের মাঠে তারা সক্রিয়। বিএনপি নির্বাচনে না এলেও গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।

শেখ ফজলে শামস্ আরও বলেন, সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। গাজীপুরের সিটি নির্বাচনে জয় লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নৌকা পরাজিত হলে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে বিএনপি মনোবলও ফেরত পাবে। গাজীপুর এমন ভৌগোলিক এলাকায় অবস্থান করে, যেখান থেকে সরকারকে বিভ্রান্ত করা সহজ। সেই কারণে এ নির্বাচনের গুরুত্ব বলে শেষ করা যায় না।

নেতা-কর্মীদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনকে একটি জীবন-মরণ যুদ্ধ হিসেবে নিতে হবে। সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা আছে। যে আস্থা আমাদের বিজয় এনে দেবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালে ২৮তম বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে পরিণত হবে। এ পূর্বাভাস বাস্তবে রূপান্তর করতে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সেই বৃহত্তম অর্থনীতির দেশে পদার্পণ হতে হলে গাজীপুরের ভূমিকা ও দায়িত্ব অপরিসীম।’