পানির নিচ থেকে ভেসে ওঠা জমির আলে বসে আছে হাঁসের দল। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারে
পানির নিচ থেকে ভেসে ওঠা জমির আলে বসে আছে হাঁসের দল। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারে

জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’

তখন বেলা গড়িয়ে গেছে অনেক দূর। হেমন্তের বিকেল, গাছের ছায়া পড়েছে হাওরপারের ভেসে ওঠা জমিনে। চারদিকে শান্ত নরম হাওয়া। হাওরের গ্রাম থেকে অনেকটা দূরে জল সরে মাটি ভেসে উঠছে। জলের বুকে জেলেদের ডিঙিনৌকাগুলো ভাসছে। তারা তখন মাছ ধরায় ব্যস্ত। ‘কাউয়াদীঘি হাওর’—এত দিনের জল–থইথই চেহারাটি এখন বদলে নিয়েছে, বদলে চলছে। তরতর করে পানি নিচে নামছে আর ভেসে উঠছে ফসলের জমি। তাতে শেষবেলার সূর্যের আলো পড়ছে। সাদা বকের ঝাঁকের ওড়াউড়ি, জলে হাঁসের সাঁতার, মাছ ধরা নৌকা হাওরকে অপরূপ করে তুলেছে। মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর এখন এতটাই চুপ, শান্ত হয়ে আছে।

গত শনিবার বিকেলের দিকে হাওরাঞ্চলে প্রবেশের পরই টের পাওয়া যায়, গ্রামগুলোর মাঠ পানির তল থেকে এরই মধ্যে অনেকটা ভেসে উঠেছে। জমিতে জলকাদায় সেঁটে থাকা সাদা শাপলা ফুটেছে। বাড়ির আশপাশে কৃষকেরা বোরো ধানের চারা জমি প্রস্তুত করছেন। হাওরের মৌলভীবাজার সদর উপজেলার কাদিপুর, জুমাপুর এবং রাজনগর উপজেলার অন্তেহরি গ্রামের এলাকায় এখন হেমন্তের সময়টা এ রকমই।

কাদিপুর ও অন্তেহরি এলাকায়—গ্রাম থেকে অনেকটা দূরে হাওর এখনো জলের শরীর নিয়ে ভেসে আছে। গাছের ছায়া পড়েছে ভেসে ওঠা ফসলের জমিতে, যে জমিতে বোরো ধানের চাষ হবে। কেউ পাওয়ার টিলার দিয়ে এরই মধ্যে জমি প্রস্তুতির কাজে নেমে পড়েছেন। একদিকে পাওয়ার টিলার চলছে, অন্যদিকে মাটির নিচ থেকে জেগে ওঠা পোকামাকড় খেতে ভিড় করছে সাদা বকের দল। কখনো স্থির বসে থাকছে তারা, কখনো ডানা মেলে ওড়াউড়ি করছে। দূর থেকে মনে হয়, ওখানে সাদা ফুল ফুটে আছে। কোথাও শুকনো খালে খালি নৌকা পড়ে আছে। কোথাও মাছ ধরার চাঁই জমা করে রাখা হয়েছে। কোথাও নৌকায় রাখা হয়েছে চিংড়ি ধরার অনেকগুলো পট। হয়তো সন্ধ্যা হলে, কিংবা রাতে এই পটগুলো জলে ফেলা হবে।

নৌকায় রাখা হয়েছে চিংড়ি মাছ ধরার পট। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারে

হাওরে ঘুরতে আসা মো. আমীর বলেন, ‘হাওরকে সব সময়েই আমার ভালো লাগে। সব সময়েই হাওর একেকরকম সুন্দর। এখন এই শীত আসার সময়টিতে হাওরপারে ঘুরতে অনেক ভালো লাগছে।’

হাওরের সেই জলের মধ্যে একজন রাখাল ছেড়ে দিয়েছেন অনেকগুলো হাঁস—এই হাঁসগুলো কোনো একটি খামারের। হাওরের জলের কাছে অস্থায়ী ঘরের মধ্যে হাঁসগুলো রাতে থাকে, দিন হলেই তারা নেমে আসে হাওরের জলে।

অনেকে ছোট ছোট নৌকা নিয়ে জলের বুকে ভেসে বেড়াচ্ছেন মৎস্যজীবীরা। তাঁরা মাছ ধরায় ব্যস্ত। কেউ জলের মধ্যে জাল পাতছেন, কেউ আগে থেকে পেতে রাখা জাল টেনে টেনে তুলছেন। সেই জালে আটকে পড়া মাছ নৌকায় রাখছেন। পুরো হাওরে তখন কেমন যেন এক শান্তি নেমেছে। কোনো কোলাহল নেই, হইচই নেই, ‘তবু হেমন্তকাল এসে পড়ে পৃথিবীতে, এমন স্তব্ধতা!’

সন্ধ্যা হয়ে আসছে। গরু নিয়ে বাড়ি ফিরছে দুই শিশু। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারে

তত সময়ে বেলা আরও পড়ে এসেছে। সূর্যের তেজ আরও কমে গেছে। গ্রামের ওপারে ধীরে সূর্য ডুবছে। রূপ বদলাতে শুরু করেছে হাওর। রঙিন হয়ে উঠছে হাওরের বুক। মনে হতে পারে, কেউ যেন রঙের ছোপ ফেলে বদলে দিয়েছে হেমন্তের এই বেলার হাওরকে। চারদিকের স্তব্ধতা হাওরপারকে আরও শান্ত করে তোলে। তখন অন্ধকার নামতে থাকে, কুয়াশা নামতে থাকে হাওরের শান্ত বুকে।