পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার বাখের আলী গ্রামসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে কারিমা (৮) ও একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত (৭)।

চরবাগডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী কাজল চন্দ্র শীল ও স্থানীয় লোকজন জানান, দুপুর ১২টার দিকে কয়েকটি শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে কারিমা ও ইসরাত নদীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ২টা ৪০ মিনিটের দিকে কারিমা ও বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেইন বলেন, পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।