অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাঁচজন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। আজ শনিবার সকালে যশোর শহরের মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে
অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাঁচজন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। আজ শনিবার সকালে যশোর শহরের মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে

যশোরে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হলো বই

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ও চেতনাকে শাণিত করতে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’। আজ শনিবার সকালে যশোর শহরের মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ আয়োজনের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো বন্ধুসভার এ আয়োজনে শিক্ষার্থীদের উদ্দেশে ১৯৭১ সালের রণাঙ্গনের স্মৃতিচারণা করেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলার সাবেক কমান্ডার আফজাল হোসেন। একই সঙ্গে তিনি অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আফজাল হোসেন বলেন, ‘এ দেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত। তোমাদের হাত ধরেই ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খাইরুল আনাম, রূপালী ব্যাংক পিএলসির এজিএম ও প্রথম আলো বন্ধুসভা যশোরের উপদেষ্টা শহিদুল ইসলাম, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা শিরিন সুলতানা। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

যশোর বন্ধুসভার সভাপতি লাকী রাণী কাপুড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস।

অলিম্পিয়াডে অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। লিখিত পরীক্ষার পর বন্ধুসভার বন্ধুরা একদিকে উত্তরপত্র মূল্যায়নের কাজ করেন। আরেক দিকে চলতে থাকে অলিম্পিয়াডের অনুষ্ঠান। এ সময় যশোর জেলা স্কুলের সিয়াম মুস্তাফিজ কবিতা আবৃত্তি করে।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাঁচজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তারা হলো যশোর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জাফর সাদিক (প্রথম), সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শেখ ফাহাদ ফারদীন (দ্বিতীয়), খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্জুন দেব সিকদার (তৃতীয়), এমএসটিপি বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির সৃষ্টি ঘোষ (চতুর্থ) ও যশোর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইবতেশাম রহমান (পঞ্চম)। তাদের হাতে পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধের বই তুলে দেন অতিথিরা।