
জামালপুরের মেলান্দহ উপজেলায় আট বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ওই শিক্ষককে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার বিকেলে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার শিক্ষকের নাম মো. শরিফুল ইসলাম (৩৮)। তিনি মেলান্দহ উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি একই উপজেলায়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে শরিফুলকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার বিকেলে শিশুটি ওই মাদ্রাসায় পড়তে যায়। এ সময় শরিফুল ওই শিশুকে কৌশলে তাঁর কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তবে শিশুটির চিৎকারে কিছু সময়ের মধ্যেই সেখানে স্থানীয় লোকজন উপস্থিত হন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ওই রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই শিশুর পরিবারের দাবি, ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক ছিলেন। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে গত বুধবার রাতে মেলান্দহ থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পরই ওই শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান। তবে মামলা হওয়ার পরই তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নামে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।