ঈদের দিন মোটরসাইকেল নিয়ে সেতুতে বেড়াতে গিয়ে কিশোর নিহত

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু
ছবি: প্রথম আলো

পিরোজপুর সদরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে জাকারিয়া হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই কিশোর মারা যায়।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সন্ধ্যায় সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হয় জাকারিয়া। সে ইন্দুরকানি উপজেলার টগড়া গ্রামের মো. কবির হাওলাদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ঈদের দিন বিকেলে জাকারিয়া হোসেন বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে ওঠে। সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে জাকারিয়া হোসেন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্বজনেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে মারা যান।

পিরোজপুর সদর উপজেলার শারিখতলা জুমুরিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ঈদে বঙ্গমাতা সেতুতে অনেক মানুষ ঘুরতে আসেন। সেতুর ওপর অনেক মানুষ হাঁটাহাঁটি করে। আবার সেতু দিয়ে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।