সিলেটে প্রতীক বরাদ্দ পেতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে প্রার্থীর বিক্ষোভ

প্রতীক বরাদ্দের দাবিতে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার পরও রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দিচ্ছেন না—এমন অভিযোগ তুলে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এক প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ওই প্রার্থীর নাম মুহিবুর রহমান। তিনি সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে মূল সড়কের পাশে কর্মী-সমর্থকদের জড়ো করেন মুহিবুর। সেখানে তাঁরা ফেস্টুন, ব্যানার নিয়ে প্রতীক বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের ফেস্টুনে লেখা ছিল ‘জেলা প্রশাসকের অবৈধ হস্তক্ষেপ বন্ধ কর’, ‘হাইকোর্টের আদেশ মানতে হবে’, ‘অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ চাই’, ‘২৪ ডিসেম্বর হাইকোর্ট প্রার্থিতা বহালের রায় দিলেও এখন পর্যন্ত প্রতীক বরাদ্দ না দেওয়া ষড়যন্ত্র নয় কি?’, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়’ ‘নির্বাচন নাকি প্রহসন’। পরে বেলা আড়াইটার দিকে নিজ এলাকা বিশ্বনাথ পৌরসভা বাজারে ফিরে গিয়েও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এই প্রার্থী।

মুহিবুর রহমান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু সিলেটের রিটার্নিং কর্মকর্তা নানাভাবে টালবাহানা করছেন। আজকের আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি একাধিকবার এসেছিলেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাঁকে অধৈর্য না হতে বলেছিলেন। বলেছিলেন, নির্বাচন কমিশন থেকে অনাপত্তির জন্য তিনি অপেক্ষা করছেন। কিন্তু আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পর তিনি আপিলের কাগজ দেখিয়েছেন। বলেছেন উচ্চ আদালতে আপিল প্রক্রিয়াধীন। মুহিবুর দাবি করেন, কোনো আপিল করা হয়নি। রিটার্নিং কর্মকর্তা উচ্চ আদালতের নির্দেশনা না মেনে আদালতকে অবজ্ঞা করছেন।

মুহিবুর রহমান আরও বলেন, নির্বাচনে যা ভোট পড়বে, তার ৮০ শতাংশ ভোট তিনিই পাবেন। আগেও তিনি একাধিক নির্বাচন করেছেন। তিনি আইন সম্পর্কে জানেন। নির্বাচনের আর বেশি দিন নেই। শুক্রবার বেলা তিনটার মধ্যে তিনি প্রতীক বরাদ্দ না পেলে সিলেট-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁর সঙ্গে যে অন্যায় হচ্ছে, সেটি দেশবাসীকে জানাবেন।

উচ্চ আদালতের নির্দেশনার পরও প্রতীক বরাদ্দ না পাওয়ায় সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ পৌরসভা এলাকায়

এ ব্যাপারে জানতে চাইলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেননি। তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে অবৈধ ঘোষণা করা হয়। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সেখানেও সেটি অবৈধ হয়। পরে উচ্চ আদালতে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উচ্চ আদালতে সে আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এখন আপিল অবস্থায় আইনি বাধ্যবাধকতা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার প্রতীক বরাদ্দের ক্ষমতা নেই।

মুহিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আগে যুক্ত ছিলেন। বর্তমানে তাঁর কোনো পদপদবি নেই। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক না পেয়েও এলাকায় ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অভিযোগ ওঠে মুহিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেন।