বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিতারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবদুস ছালাম (৩৫)। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, বন্য হাতিটি লোকালয়ে প্রবেশ করলে ছবি তুলতে গিয়ে তিনি আক্রমণের শিকার হন।
তিতারপাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। পেশায় নলকূপের মিস্ত্রি আবদুস ছালাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর স্ত্রী ও তিন শিশুসন্তান রয়েছে। বাবা আবদুস সাত্তার শারীরিক প্রতিবন্ধী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে হাতিটি লোকালয়ে ঢোকে। তখন থেকে বাসিন্দারা এটিকে তাড়ানোর চেষ্টা করছিল। অনেকেই উৎসাহী হয়ে ভিডিও করছিলেন। আবদুস ছালামও মুঠোফোনে ছবি তোলার জন্য হাতিটির কাছে যান। তবে হঠাৎ পাড়ার কুকুরের ডাক শুনে হাতিটি উত্তেজিত হয়ে ওঠে। এরপর তেড়ে এসে ছালামকে আক্রমণ করে। এ সময় পদদলিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা বলেন, ক্ষিপ্ত হাতিটি আবদুস ছালামকে পদদলিত করেছে। ছালামের লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।