পদ্মায় ভাঙন

হুমকিতে জাজিরার ছয় ইউনিয়ন

জাজিরার পূর্ব নাওডোবা, পালেরচর, বড়কান্দি, জাজিরা, বিলাসপুর ও কুন্ডেরচর ইউনিয়নের ব্যাপক ভাঙন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শরীয়তপুরের জাজিরার ৬টি ইউনিয়ন পদ্মার ভাঙনের কবলে পড়েছে। শনিবার জাজিরার বড়কান্দি ইউনিয়নের পাথালিয়াকান্দি এলাকায়
ছবি: প্রথম আলো

পদ্মা সেতুর ২ কিলোমিটার ভাটিতে জাজিরার ৬টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের হুমকিতে পড়েছে। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নদীর তীরবর্তী গ্রাম ও ফসলি জমি আসন্ন বর্ষা মৌসুমে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, পদ্মা নদী শরীয়তপুরের নাওডোবা এলাকা থেকে শুরু। নাওডোবা এলাকার ওপর দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। সেতুর আশপাশে সেনানিবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ওই সব স্থাপনা ভাঙনের কবল থেকে রক্ষা করতে নদী শাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

ওই প্রকল্প এলাকা হতে ভাটির দিকে পূর্ব নাওডোবার জিরোপয়েন্ট পর্যন্ত আরো এক কিলোমিটার এলাকা তীর রক্ষা বাঁধ নির্মান করা হয়েছে। ওই জিরোপয়েন্ট এলাকা থেকে কুন্ডেরচর এলাকা পর্যন্ত অন্তত ১১ কিলোমিটারব্যাপী নদী ভাঙনের তীব্রতা রয়েছে। বিশেষ করে বর্ষার সময় নদীতে পানি বাড়ায় প্রবল স্রোতের কারণে নদীভাঙন শুরু হয়।

‘আমাদের সকল পৈতৃক সম্পত্তি এখন পদ্মায়। গ্রামের শেষ ভাগে নতুন করে বসতি গড়েছি, এখন তাও ভাঙনের হুমকিতে পড়েছে। বর্ষা মৌসুমের আগে ভাঙন রোধে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করা না হলে আমরা নিঃস্ব হয়ে যাব।’
আমিনুল ইসলাম

খোঁজ নিয়ে জানা গেছে, জাজিরার পূর্ব নাওডোবা, পালেরচর, বড়কান্দি, জাজিরা, বিলাসপুর ও কুন্ডেরচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এর আগেও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন বছরে ভাঙনে ওই সকল এলাকার ২ হাজার ৬৭০টি বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ১ দশমিক ৪ কিলোমিটার এলাকা নদী ভেতরে (দক্ষিণে) প্রবেশ করেছে।

বড়কান্দি ইউনিয়নের রঞ্জন ছৈয়ালকান্দি গ্রামটি পদ্মা নদীর তীরে। ২০২০ সাল থেকে গ্রামটি পদ্মার ভাঙনের কবলে পড়ে। ওই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের বসতভিটা ও ৮ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। তিনি ৫০০ মিটার দূরে নতুন করে বাড়ি নির্মাণ করেন। এখন সেই নতুন বাড়ির কাছে নদী চলে এসেছে।

আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সকল পৈতৃক সম্পত্তি এখন পদ্মায়। গ্রামের শেষ ভাগে নতুন করে বসতি গড়েছি, এখন তাও ভাঙনের হুমকিতে পড়েছে। বর্ষা মৌসুমের আগে ভাঙন রোধে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করা না হলে আমরা নিঃস্ব হয়ে যাব।’

এ বিষয়ে পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ৮ দশমিক ৭ কিলোমিটার এলাকায় নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জাজিরার ৪টি ইউনিয়নের অন্তত সাড়ে ৪ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। আর ঝুঁকিতে থাকা আরও দুটি ইউনিয়ের ভাঙন রোধের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হবে।