
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হয়, যা চলবে ২২ জুন পর্যন্ত। তবে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত রিকশাভাড়া ও খাবারের বাড়তি দাম রাখার অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির তথ্যমতে, এ বছর মোট ৭টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যার প্রথম দিন রোববার সকালে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষা শুরু হয়।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন উপাচার্য মো. নূরুল আলম। কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য নূরুল আলম বলেন, এবারের ভর্তি পরীক্ষা খুব সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা অন্যান্য বছরের চেয়ে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এরপর সকাল ১০টা ২৫ মিনিটে সি-১ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এ বছর ৬৪টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৫ জন শিক্ষার্থী আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৭০০ শিক্ষার্থী, বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক।
একই দিন বেলা ১১টা ৫০ মিনিটে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সি ইউনিটের পরীক্ষা শুরু হয়। চার পালায় (শিফট) শুরু হওয়া সি ইউনিটের পরীক্ষা বিকেল ৫টা ৪০ মিনিটে শেষ হয়। ৩৮৮টি আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন জমা পড়েছে ৪১ হাজার ৪৪৫টি। এ হিসাবে এই ইউনিটে আসনপ্রতি ১০৬ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা।
ভাড়া তিন গুণ, খাবারের দাম বাড়তি
ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী এবং তাঁদের সঙ্গে অভিভাবকেরা পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসছেন। ক্যাম্পাসের মধ্যে রিকশাভাড়ার তালিকা থাকলেও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকেই সেই ভাড়ার তালিকার কথা জানেন না। আর সেই সুযোগ নিচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। অন্য সময় যে দূরত্বের ভাড়া রাখা হতো ১০ টাকা, তা রাখা হচ্ছে ৩০-৪০ টাকা। আর ১৫ টাকার ভাড়া রাখা হচ্ছে ৬০-৭০ টাকা।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক, প্রধান ফটক, বিশমাইল ফটক, টারজান পয়েন্টসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক থেকে টারজান পয়েন্টে স্বাভাবিক ভাড়া ১০ টাকা হলেও রাখা হচ্ছে ৩০-৪০ টাকা। চৌরঙ্গী এলাকা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হল পর্যন্ত স্বাভাবিক ভাড়া ১৫ টাকা হলেও রাখা হচ্ছে ৫০-৬০ টাকা পর্যন্ত।
পরীক্ষার্থী আতিকুল ইসলাম এসেছেন লালমনিরহাট থেকে। সকালে তাঁর আইবিএ ইউনিটের পরীক্ষা ছিল নতুন কলা ভবনে। পরে দুপুরে সি ইউনিটের দ্বিতীয় পালার পরীক্ষায় তাঁর সিট পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ কেন্দ্রে। নতুন কলা ভবন থেকে স্কুল পর্যন্ত স্বাভাবিক ভাড়া ১০ টাকা হলেও আতিকুলের কাছ থেকে রিকশা ভাড়া রাখা হয়েছে ৪০ টাকা।
আতিকুল প্রথম আলোকে বলেন, ‘এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র চিনি না। রিকশাওয়ালা মামাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অনেক দূর ৪০ টাকা ভাড়া। সব রিকশা একই ভাড়া রাখছে। বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়েছি।’
বেশি রাখা কেন নেওয়া হচ্ছে, এমন প্রশ্নে রিকশাচালকদের দাবি, সারা বছর কম টাকায় তাঁরা ভাড়া টানেন। তবে এখন জিনিসপত্রের বাড়তি দাম এবং ভর্তি পরীক্ষা উপলক্ষে সামান্য বেশি রাখছেন। কারও কাছ থেকে জোরজবরদস্তি করে বেশি ভাড়া রাখা হচ্ছে না। অনেক অভিভাবক খুশি হয়ে বাড়তি টাকা দিচ্ছেন। তবে ক্যাম্পাসের নিয়মিত শিক্ষার্থী হলে স্বাভাবিক ভাড়ায় রাখছেন বলে দাবি তাঁদের।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে খাবারের দামও বেশি রাখা হচ্ছে। প্রতি প্লেট ভাত ১০ টাকার জায়গায় রাখা হচ্ছে ১৫ টাকা, প্রতি বাটি হাঁসের মাংস ৯০ টাকার জায়গায় রাখা হচ্ছে ২০০ টাকা পর্যন্ত, ৫-৮ টাকার ভর্তা ১৫ টাকা, ৪০-৫০ টাকার মুরগির মাংস রাখা হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে জনসচেতনতার জন্য কয়েক জায়গায় রিকশাভাড়ার তালিকা দেওয়া হয়েছে। তারপরও যদি ভাড়া বেশি রাখে, এটা পুরোপুরি অনৈতিক। যদি কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেন এবং তার সুস্পষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যেসব রিকশাচালক ভাড়া বেশি রাখছেন, সেগুলো যদি ক্যাম্পাসের লাইসেন্সকৃত হয়, তবে তাঁদের লাইসেন্স বাতিল করা হবে।
প্রক্টর আরও বলেন, খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে খাবারের দোকানগুলোতে নির্দেশনা দেওয়া আছে। তারপরও বেশি রাখার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।