গুরুদাসপুরে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত। আজ শনিবার
গুরুদাসপুরে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত। আজ শনিবার

নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন গরু ব্যবসায়ী নিহত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নছিমনের আরোহী আক্কাস আলী (৫৮), তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮) ও আরেক ব্যবসায়ী আবদুর রহমান (৭০)। আক্কাস আলী ও জাহাঙ্গীর হোসেনের বাড়ি বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামে। আবদুর রহমানের বাড়ি একই উপজেলার লক্ষীকোলে।

আক্কাস, জাহাঙ্গীর ও আবদুর রহমান নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। হাজিরহাট গ্যাসপাম্পের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে আক্কাস, জাহাঙ্গীর ও আবদুর রহমান নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। হাজিরহাট গ্যাসপাম্পের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হননি।

দুর্ঘটনায় নছিমনে থাকা আবদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আক্কাস আলী বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জাহাঙ্গীর হোসেন রাজশাহীতে নেওয়ার পথে মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও নছিমন থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।