
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ বুধবার বেলা একটার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম লিটন মাতুব্বর (২৮)। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার একটি গ্রামের এক কিশোরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন লিটন মাতুব্বর। ২০১৭ সালের ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরী বাড়িতে একা ছিল। এ সময় বাড়িতে ঢুকে ওই কিশোরীর মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন লিটন। সেই সঙ্গে ঘটনাটি কাউকে জানালে হত্যারও হুমকি দেন তিনি। ভয়ে ওই সময় কিশোরী এ বিষয়ে কাউকে কিছু বলেনি। এক মাস পর কিশোরী তার মাকে ঘটনাটি জানালে এ নিয়ে কয়েক দফায় গ্রাম্য সালিস হয়। সালিসের রায় মানেননি লিটন।
পরে এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে ২০১৭ সালের ২৪ মার্চ লিটন মাতুব্বরকে একমাত্র আসামি করে ধর্ষণের অভিযোগে ভাঙ্গা থানায় মামলা করেন। মামলাটির তদন্ত করে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মণ্ডল আদালতে অভিযোগপত্র জমা দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন পাল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি লিটন মাতুব্বরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। আসামিকে এক লাখ টাকা দিতেই হবে, অনাদায়ের বিষয়টি রাখা হয়নি। এ রায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।