চুয়াডাঙ্গায় টানা ২২ দিন দাবদাহ শেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বৃষ্টির

কাঙ্ক্ষিত বৃষ্টি
প্রথম আলো ফাইল ছবি

টানা ২২ দিনের মৃদু, মাঝারি ও তীব্র দাবদাহ শেষে চুয়াডাঙ্গায় কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। আজ সোমবার ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রায় আধঘণ্টা ধরে বৃষ্টিপাত হয়েছে। কোথাও থেমে থেমে, আবার কোথাও একটানা বৃষ্টি হয়। দীর্ঘদিন পর এই বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ হিসেবে দেখছে কৃষি বিভাগ।

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, সোমবার বেলা ২টা ৫০ মিনিট থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত জেলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১ এপ্রিল ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। জেলায় একটানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃষ্টির সময় সম্ভাব্য বজ্রপাতের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও সতর্কতার কারণে মানুষ ঘর থেকে বের হননি।
চুয়াডাঙ্গা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস কুমার সাহা বলেন, এই বৃষ্টিতে বর্তমানে মাঠে থাকা ধানের জন্য সেচ খরচ যেমন বেঁচে গেল, তেমনি পাট আবাদের জন্য জমি উপযুক্ত হতে বড় ভূমিকা রাখবে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ১ এপ্রিল ৭ মিলিমিটার বৃষ্টিপাত হলেও ২ এপ্রিল থেকে জেলাজুড়ে শুরু হয় দাবদাহ। অতীতের সব রেকর্ড ভেঙে ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত একটানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গা জেলায়। এখানে তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ১৭ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।