বিদ্যালয়ের মাঠের এক পাশে তাঁবু টানিয়ে স্থাপন করা হয়েছে ১০-১২টি আসবাবের দোকান।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ বছরও আসবাবের মেলা শুরু হয়েছে। মাসব্যাপী এই মেলার ইতিমধ্যে প্রায় দুই সপ্তাহ পার হয়েছে।
বিদ্যালয়ের মাঠের এক পাশে তাঁবু টানিয়ে স্থাপন করা হয়েছে ১০-১২টি আসবাবের দোকান। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে। গত বছরও নিয়ম না মেনে এই মেলার আয়োজন করা হয়েছিল। পরে প্রশাসনের নির্দেশে মেলা বন্ধ করা হয়। এ বিষয়ে গত বছরের ২ জুলাই ‘বিদ্যালয়ের মাঠে আসবাবপত্রের মেলা, খেলাধুলা বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
গত বছরের মতো এবারও অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান সরকার প্রভাব খাটিয়ে মেলা বসিয়েছেন। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কোনো প্রকার মেলা, সার্কাস বা বাণিজ্যিক অনুষ্ঠানের অনুমোদন দেওয়া যাবে না বলে ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান সরকার স্থানীয় এক জনপ্রতিনিধির নাম উল্লেখ করে বলেন, তিনি (জনপ্রতিনিধি) এই মেলার অনুমতি দিয়েছেন। তবে ওই অনুমতির বিষয়ে তিনি কোনো চিঠি বা নথি দেখাতে পারেননি।
এ সম্পর্কে গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, বিদ্যালয় মাঠে মেলা বসানোর কোনো সুযোগ নেই। ওই বিদ্যালয় মাঠ থেকে মেলা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বিরাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়। গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের অন্তর্গত বিদ্যালয়টি ১৯৬৪ সালে স্থাপিত হয়। এখানে ১৭ জন শিক্ষক-কর্মচারী ও প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।
গতকাল রোববার সকালে গিয়ে দেখা যায়, ওই বিদ্যালয়ের খেলার মাঠের এক পাশে তাঁবু টানানো। তাঁবুর ভেতর আসবাব। ১০-১২টি দোকান। এসব আসবাবের দোকানে বেচাকেনা চলছে। আরও দোকান বসানোর প্রস্তুতি চলছে। তবে প্রতি রোববার বিকেলে এখানে বেশি বেচাকেনা হয়। ওই দিন দূরদূরান্ত থেকে ক্রেতারা আসবাব কিনতে আসেন। মেলার কারণে মাঠে ময়লা–আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে। বিশেষত ফুটবল খেলা বন্ধ। এ ছাড়া মেলায় বিভিন্ন এলাকা থেকে আসা দোকানিরা বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে থাকছেন। ফলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
প্রায় দুই সপ্তাহ আগে বিদ্যালয়ের মাঠে আসবাবপত্রের মেলা শুরু হয়। বিরাট এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা মাঠে টিফিনের সময় খেলাধুলা করে। বিকেলে আশপাশের শিশুরা খেলে। তাদের খেলাধুলা প্রায় বন্ধ।
একই এলাকার ব্যবসায়ী মোস্তফা মিয়া বলেন, সন্ধ্যায় ফাঁকা মাঠে এলাকার মানুষ এখানে হাঁটাহাঁটি করেন। মুক্ত বাতাসে নিশ্বাস নেন। কিন্তু আসবাব রাখায় হাঁটাহাঁটি করতে সমস্যা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, প্রতিদিন টিফিনের সময় তারা মাঠে খেলাধুলা করে। মেলার কারণে তারা খেলাধুলা করতে পারছে না।
এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মামুন-অর-রশিদ বলেন, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও প্রভাবশালী ব্যক্তিদের দোহাই দিয়ে লাভের আশায় প্রধান শিক্ষক আসবাবপত্রের মেলা বসিয়েছেন। কেউ তাঁকে অনুমতি দেননি। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ বলেন, বিদ্যালয়ের মাঠে বাণিজ্যিক মেলা বসানোর সুযোগ নেই। বিষয়টি জেলা মাধ্যমিক কর্মকর্তাকে জানানো হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম মুঠোফোনে বলেন, ‘প্রধান শিক্ষক আমাদের কাছে অজুহাত দেখান, প্রভাবশালী ব্যক্তিরা মেলা চালাচ্ছেন। এ ক্ষেত্রে তাঁকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করতে বলা হয়। কিন্তু তিনি তা করেননি। এতে বোঝা যাচ্ছে, তিনি নিজেই মেলা চালাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে কেন মেলা বসানো হয়েছে, সে বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে গত ২৮ মে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত তিনি চিঠির জবাব দেননি।’