গাংনীতে র‍্যাব সদস্যকে কোপানোর পর গুলিতে আহত মাদক ব্যবসায়ী

মেহেরপুরে গাংনীতে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে র‍্যাবের এক সদস্য গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের ছোড়া গুলিতে হামলাকারী সাঈদ আনোয়ার (২৭) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আটক করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন গাংনী র‍্যাব ক্যাম্পের সদস্য উপপরিদর্শক উত্তম কুমার ও হাড়াভাঙ্গা গ্রামের আবদুল হামিদের ছেলে সাঈদ আনোয়ার।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার প্রথম আলোকে বলেন, ঘাড়ে ও মাথায় জখম অবস্থায় র‍্যাবের এক সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনা অন্য ব্যক্তির দুই পায়ের ঊরু ও এক হাতে মোট তিনটি গুলি লেগেছে। তাঁদের অস্ত্রোপচারের পর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। র‍্যাব সদস্যের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

র‍্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় মাদক পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে র‍্যাব ১২-এর গাংনী ক্যাম্পের একটি দল সেখানে মাদকবিরোধী অভিযানে যায়। ওই গ্রামের একটি বাগানে গেলে মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা করে। অভিযানে ধস্তাধস্তির একপর্যায়ে সাঈদ আনোয়ার র‍্যাবের উপপরিদর্শক উত্তম কুমারকে কুপিয়ে পালানোর চেষ্টা করেন। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরা কয়েকটি গুলি চালান। পরে আহত অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে আটক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে ৬৮ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, মাদকবিরোধী অভিযানে এক র‍্যাব সদস্যকে কোপানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

র‍্যাবের গাংনী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক বলেন, মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সাঈদ আনোয়ার র‌্যাব সদস্য উত্তমকে হাঁসুয়া দিয়ে আঘাত করেন। আত্মরক্ষায় র‍্যাব কয়েকটি গুলি করলে সাঈদের পায়ে ও হাতে লাগে। তাঁকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবদুর রাজ্জাক রাতে প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে কিছুই জানা নেই। আপনার কাছ থেকেই শুনলাম। কেউ কোনো খবর দেয়নি। খোঁজ নিয়ে জানাতে পারব।’