‘কেনার সামর্থ্য না থাকলে শার্টটি ফ্রিতে নিয়ে যাবেন’

‘ইয়াং ফ্যাশন শপ’ নামে দোকানের সামনে লাগানো পোস্টার। বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের পাশে ব্যাংক মোড়ে
ছবি: সত্যজিৎ ঘোষ

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে একটি পোস্টার লাগিয়ে রেখেছেন ব্যবসায়ী সজীব মোল্যা। পোস্টারে লেখা—‘কেনার সামর্থ্য না থাকলে আমাকে বলে শার্টটি ফ্রিতে নিয়ে যাবেন।’ শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের পাশে ব্যাংক মোড়ে ‘ইয়াং ফ্যাশন শপ’ নামের দোকানের পোস্টারটি লাগানো।

দোকানটির মালিক ২৫ বছর বয়সী তরুণ সজীব মোল্যা প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা একজন কৃষক। ভাইয়েরা প্রবাসে থাকেন। অভাব-অনটন ও কষ্ট আমি বুঝি। অনেক শ্রমজীবী স্বল্প আয়ের মানুষ আছেন, যাঁরা সংসারে বোঝা টেনে নিজের জন্য কিছু করতে পারেন না। তাঁদের জন্য আমাদের কিছু করা দরকার। ঈদের সময় প্রত্যেক মানুষের মুখে যাতে আনন্দ আর হাসি থাকে, সেই তাগিদ থেকে এমন উদ্যোগ নিয়েছি।’

সজীব মোল্যা জাজিরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সোনারদেউল এলাকার বাসিন্দা হামিদ মোল্যার ছেলে। হামিদ নিজের জমিতে কৃষিকাজ করেন। দুই ছেলে প্রবাসে থাকেন। আর সজীব মোল্যা চার বছর ধরে তৈরি পোশাক বিক্রির ব্যবসা করছেন। তাঁর এমন মানবিক আহ্বানে স্বল্প আয়ের মানুষ তাঁর কাছ থেকে শার্ট ও পাঞ্জাবি নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনজন শ্রমজীবী মানুষকে শার্ট ও পাঞ্জাবি তুলে দেন সজীব। ঈদ উপলক্ষে এ পর্যন্ত ২৫ জনকে নতুন পোশাক দিয়েছেন তিনি।

জাজিরার বয়াতিকান্দি গ্রামের কিশোর মো. নীরবের বাবা দুলাল শেখ ১০ বছর আগে মারা গেছেন। দুই বোন ও মাকে নিয়ে তাদের অভাবের সংসার। ঢাকার দয়াগঞ্জে একটি স্টিলের আলমারি তৈরির কারখানায় অল্প বেতনে কাজ করে নীরব। ঈদে নতুন পোশাক কিনতে পারেনি সে। সজীব মোল্যার দোকানের সন্ধান পেয়ে সেখানে আসে নীরব। পরে ব্যবসায়ী সজীব তার হাতে একটি পাঞ্জাবি তুলে দেন।

তরুণ ব্যবসায়ী সজীব মোল্যা দোকানে বসে আছেন। বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের পাশে ব্যাংক মোড়ে

জাজিরা পৌরসভার বয়াতিকান্দির বাসিন্দা দীন ইসলাম (৪০) ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। যা আয় করেন, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাঁকে। বাড়তি ব্যয় করার সামর্থ্য নেই। ঈদে নিজের জন্য কিছু কিনতে পারেননি। সজীব মোল্যার দোকান থেকে একটি পাঞ্জাবি পেয়ে খুশি তিনি।

দীন ইসলাম প্রথম আলোকে বলেন, মসজিদে নামাজ আদায় করার সময় মানুষের কাছে সজীবের দোকানের কথা শুনেছেন। ভ্যান চালিয়ে দোকানের সামনে এসে লেখাটি দেখেন। তাঁকে দাঁড়িয়ে লেখাটি পড়তে দেখে দোকানের মালিক সজীব বোঝেন তাঁর অবস্থা। তখন তিনি ভালোবেসে একটি পাঞ্জাবি দেন দীন ইসলামকে। দীন ইসলামও তাঁকে প্রাণ ভরে দোয়া করেছেন।