কথা বলছে না সাতকানিয়ায় গুলিবিদ্ধ শিশু রাফি, হাসপাতালের বিছানায় দিন কাটছে যন্ত্রণায়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

কিছুক্ষণ পরপর চোখ মেলে স্বজনদের দিকে তাকাচ্ছে পাঁচ বছরের শিশু মোহাম্মদ রাফি। তবে মুখে কোনো কথা নেই। এভাবেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় দিন কাটছে গুলিবিদ্ধ শিশু রাফির।  

গত রোববার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম ঘাটিয়াডেঙ্গা এলাকায় দাদার চা-নাশতার দোকানে গিয়ে রাফি গুলিবিদ্ধ হয়। রাফি উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার দিনমজুর আবদুর রহিমের ছেলে ও দোকানি শামসুল ইসলাম ওরফে পুতুনের নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বেলা একটার দিকে শামসুল ইসলামের চায়ের দোকানে বসে ঠান্ডা পানীয় পান করছিলেন কামরুল ইসলাম নামের একজন সাংবাদিক। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে কামরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে কামরুল ইসলাম ও দোকানের ভেতরে থাকা শিশু রাফি গুলিবিদ্ধ হয়।

ওই দিন স্থানীয় লোকজন গুলিবিদ্ধ শিশু রাফিকে উদ্ধার করে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গুলিবিদ্ধ রাফি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দশম তলার ৮৪ নম্বর ওয়ার্ডে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ কামরুল ইসলামও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গুলিবিদ্ধ শিশু রাফির বাবা আবদুর রহিম কান্নাজড়িত কণ্ঠে আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি। আমার ও আমার ছোট্ট ছেলেটির কোনো দোষ ছিল না। সে দাদার দোকানে চকলেট খেতে গিয়েছিল। তারপরও কেন তারা আমার ছেলেটিকে গুলি করেছে? তারা তারা গন্ডগোল থাকতে পারে। আমাদের সঙ্গে তো কারও কোনো গন্ডগোল নেই।’

রাফির বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে আবদুর রহিম বলেন, ‘আমার ছেলেটির পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে গুলি বের হয়ে গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আর কথা বলছে না রাফি। প্রায় সময় চোখ বন্ধ করে রাখছে। কিছুক্ষণ পর চোখ খুললে শুধু তাকিয়ে থাকছে। এ সময় বুকের ভেতর ধড়ফড় করে। ডাক্তাররা ৮-১০ দিন পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন। আর বলেছেন, আল্লাহর ওপর ভরসা করতে। আমার ছেলেকে যারা গুলি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি।’

রাফির দাদি জুলেখা বেগম কান্না করতে করতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তিন দিন ধরে আমার নাতি কারও সঙ্গে কথা বলছে না। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আমি নাতিটাকে সুস্থ ফিরে পেতে চাই।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত প্রথম আলোকে বলেন, শিশু রাফিসহ দুজন গুলিবিদ্ধের ঘটনার পরদিন সাংবাদিক কামরুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। শিশু রাফির অবস্থার ব্যাপারে পুলিশ সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।