চাকরি দেওয়ার কথা বলে দুই ছাত্রীকে অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাকরি দেওয়ার কথা বলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দুই মাদ্রাসাছাত্রীকে রাজধানী ঢাকায় নিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভুক্তভোগী এক মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেছেন। দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মামলার আসামিরা হলেন সাটুরিয়া উপজেলার নুসরাত জাহান ওরফে তানজিনা (২০) ও মো. হৃদয় (৩৫)। মামলার এজাহারে হৃদয়ের ঠিকানা লেখা নেই। এ ঘটনায় পুলিশ নুসরাত জাহানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই মাদ্রাসাছাত্রীই অপ্রাপ্তবয়স্ক। তারা উপজেলার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। পূর্বপরিচিত হওয়ার সুবাদে নুসরাত ওই দুই ছাত্রীকে ঢাকায় পোশাকের দোকানে চাকরি দেওয়ার কথা বলেন। নুসরাতের প্রস্তাবে রাজি হয়ে দুই কিশোরী ঢাকায় গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয়। এরপর গত শনিবার দুপুরে নুসরাতের কথামতো হৃদয় নামের এক যুবকের সঙ্গে দুই ছাত্রী ঢাকায় চলে যায়। পরে তারা ঢাকায় গিয়ে হৃদয়ের ভাড়া বাড়িতে ওঠে।

পরদিন হৃদয় ওই দুই ছাত্রীকে বোরকা পরিয়ে ঢাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যৌনকর্মে বাধ্য করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার নুসরাতের কথায় হৃদয় দুই ছাত্রীকে হোটেল থেকে বের হতে দেন। পরে গতকাল সন্ধ্যায় দুই ছাত্রী সাটুরিয়ায় ফিরে আসে।
পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, একই দিনে দুই ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করে জানতে পারে, নুসরাত নামের এক নারী ওই দুই ছাত্রীকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় পাচার করেছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই মামলায় নুসরাত জাহান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।