
রংপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের জন্য প্রচণ্ড গরমে দৌড়ে অংশ নেওয়া চাকরিপ্রার্থী এক তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে মৃত্যুসনদে উল্লেখ করেছেন চিকিৎসক।
মারা যাওয়া তরুণের নাম ফারিজুল ইসলাম (২৬)। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তিনি গত জানুয়ারি মাসে উপজেলার কোমরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। সেই সঙ্গে এসআইয়ের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।
ফারিজুল ইসলাম দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তাঁর বাড়ি মিঠাপুকুর উপজেলার চেংমারি ইউনিয়নের পাগলারহাট এলাকায়। ফারিজুল পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়। তাঁর বাবা কৃষক ও মা গৃহিণী।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসাইন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে মাঠ পরীক্ষায় দৌড়ের পর বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারিজুল ইসলাম। তাঁকে দ্রুত পুলিশের অ্যাম্বুলেন্সে করে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাঁকে আইসিইউতে নেওয়া হলে রাত আটটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্ট্রোকের কারণে ফারিজুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক তাঁর মৃত্যুসনদে উল্লেখ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
পুলিশ জানায়, গতকাল সকাল থেকে শেখ রাসেল স্টেডিয়াম মাঠে শুরু হয় প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই-বাছাই ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম ইভেন্ট (দৌড়)। এতে পুরুষ এসআই প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী এসআই প্রার্থীদের ১ হাজার মিটার দৌড়ে অংশ নিতে হয়েছে।