মোখার প্রভাব কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর জেলার মানচিত্র
শরীয়তপুর জেলার মানচিত্র

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল গতকাল রোববার রাত ১০টা থেকে শুরু হয়েছে। গত শনিবার রাত ৮টা থেকে নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল।

২৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথটির ভেদরগঞ্জের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে ছিল। গতকাল রাত থেকে ট্রাকগুলো পারাপার শুরু করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পণ্য ও যাত্রীবাহী যানবাহন শরীয়তপুর-চাঁদপুর নৌপথ ব্যবহার করে চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে।

ঘূর্ণিঝড় মোখার কারণে বিভিন্ন সমুদ্র ও নৌবন্দরে ৪ থেকে ১০ নম্বর সতর্কসংকেত দেওয়া হয়েছিল। তখন বিভিন্ন পথে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। গতকাল রাতে ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক হলে তা নামিয়ে আনা হয়। চাঁদপুর নৌবন্দর ৩ নম্বর স্থানীয় সংকেতের আওতায় আনা হয়। এরপর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ গতকাল রাত ১০টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু করে।

শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ভেদরগঞ্জের নরসিংহপুর ঘাট থেকে গতকাল রাতে একটি রো রো ফেরি ১৬টি ট্রাক, ১টি বাস ও ৩০ জন যাত্রী নিয়ে চাঁদপুরের হরিণাঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মোখার কারণে দেওয়া ৪, ৮ ও ১০ নম্বর সংকেত নামিয়ে আনা হয়েছে। এখন ৩ নম্বর স্থানীয় সংকেত চলছে, নদীও শান্ত। তাই এই রুটে ফেরি চলাচল করতে আর কোনো ঝুঁকি নেই। এই নৌপথে পাঁচটি ফেরি চলাচল করছে। দুই ঘাটে যে গাড়ি আটকা পড়েছে, তা পারাপার করা হয়েছে। আজ সোমবার সকালে ঘাটে কোনো গাড়ির জট নেই।