
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ২৬৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিসিআইসির ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দুটি স্থান থেকে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।
আটক মোস্তফা জামান উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারের মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোস্তফা জামান অবৈধভাবে বিপুল পরিমাণ ডিএপি সার মজুত করে রেখেছেন বলে খবর পায় উপজেলা প্রশাসন। পরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে বুড়াবুড়ি এলাকায় অভিযান চালানো হয়। সারের ডিলার মোস্তফা জামানের কালদাসপাড়া-বালাবাড়ি এলাকায় চা–বাগানের একটি ঘরে রাখা ৯০ বস্তা এবং তাঁর দোকানের কর্মী ফজলুল হকের বুড়াবুড়ি-সরকারপাড়া এলাকার বাড়িতে ১৭৩ বস্তা ডিএপি সার মজুত অবস্থায় পাওয়া যায়। পরে দুটি স্থান থেকে এসব সারের বস্তা জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোস্তফা জামানকেও থানায় নিয়ে যায় তেঁতুলিয়া মডেল থানা–পুলিশ।
অভিযানে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, বুড়াবুড়ি ইউপির চেয়ারম্যান তারেক হোসেনসহ পুলিশ সদস্যরা উপিস্থিত ছিলেন।
তেঁতুলিয়া ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, অভিযানের সময় ওই ডিলারের কাছে সার ক্রয়ের কাগজপত্র দেখতে চাইলে তিনি সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। ডিলার হিসেবে তিনি বিক্রির জন্য এসব সার রাখলে ডিলার পয়েন্ট অথবা গুদামে রাখার কথা। তা না করে তিনি এসব সার চা–বাগানের ঘরে ও অন্যের বাড়িতে মজুদ করেছেন। এ জন্যই মূলত এসব সার জব্দ করা হয়েছে এবং ডিলারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির জন্যিই এসব সার অবৈধভাবে মজুত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিসিআইসির ডিলার মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোস্তফা জামানকে আটক করা হয়েছে।