
শহরে কোরবানির ঈদে গরু কিনে অনেকেই সমস্যা পড়েন। গরু কোথায় রাখবেন, কী খেতে দেবেন? তবে চাঁপাইনবাবগঞ্জ শহরের চুনারিপাড়া ও আশপাশের বাসিন্দারা এই সমস্যা থেকে মুক্ত। এখানে ডিহির বাগানে কোরবানির গরু কিনে রাখার ব্যবস্থা রয়েছে। দেখভালের জন্যও রয়েছেন লোকজন। পাঁচ বছর ধরে এই ব্যবস্থা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে ডিহির বাগানের অবস্থান। এটি মূলত আমের বাগান। ব্যক্তিমালিকানাধীন বাগানটির আয়তন ছয়-সাত বিঘা। এর উত্তর পাশে ব্যস্ততম সড়ক। এর লাগোয়া চুনারিপাড়া মহল্লা। এখানে ৫০-৬০টি পরিবারের বাস। মহল্লার বাড়িগুলোয় গরু রাখার যেমন জায়গা নেই, তেমনি কোরবানি দেওয়ার মতো খোলা স্থানও নেই। এই পরিস্থিতিতে তাঁরা কোরবানির গরু কিনে ডিহির বাগানে রাখেন। এ ছাড়া আশপাশের বাসিন্দাও সেখানে গরু রাখেন।
ডিহির বাগানে গরু দেখাশোনার কাজ করেন মো. বাক্কার। তিনি ওই আমবাগানের তত্ত্বাবধায়ক। সেখানে তাঁর একটি ছোট চায়ের দোকানও রয়েছে। মো. বাক্কার বলেন, কোরবানির এক সপ্তাহ আগে থেকে গরু রাখার প্রস্তুতি শুরু হয়। বাঁশের খুঁটির ওপর ত্রিপলের ছাউনি দেওয়া হয়। মহল্লার তরুণ-যুবকেরা উৎসাহ নিয়ে ছাউনি তৈরি করেন। এবার ১৬-১৭টি গরু এসেছে। রাতে দুজন নৈশপ্রহরীও থাকেন।
মো. বাক্কার আরও বলেন, ‘এখানে যাঁরা গরু রাখেন, তাঁদের কেউ কেউ গরুর খাবারের ব্যবস্থা নিজেরাই করেন। অনেকে আমাদের টাকা দেন। আমরা গরুগুলোকে খাবার দিই। এ ছাড়া পাহারা দেওয়ার জন্য গরুপ্রতি ৩০০ টাকা নেওয়া হয়। এই টাকা নৈশপ্রহরীকে দেওয়া হয়।’
মো. বাক্কারের সহযোগী হিসেবে কাজ করেছেন স্থানীয় বাসিন্দা মো. রিপন। রিপন বলেন, ‘মহল্লার মানুষ আগে কোরবানির গরু নিয়ে ভোগান্তিতে পড়তেন। গরু রাখা ও গরুকে খাওয়ানোর ঝক্কি কম নয়। এ অবস্থা থেকে মহল্লাবাসী মুক্তি পেয়েছেন। মিলেমিশে আনন্দ করতে পারছি, সেটাই বড় কথা।’
ডিহির বাগানের মালিকদের একজন খোরশেদ মির্জা প্রথম আলোকে বলেন, ‘আমাদের জায়গা ব্যবহার করে মানুষ ভালোভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছেন, এটা ভালোই হচ্ছে। ওই বাগানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ-মাহফিলও হয়। ১৯৯৮ সালে বন্যার সময় শহরের প্রায় পুরোটা ডুবে যায়। তখনো বাগানে পানি ওঠেনি। তখন লোকজন সেখানে গরু-বাছুর রেখেছিলেন। যত দিন এ স্থান ফাঁকা পড়ে থাকবে, তত দিন এমন কাজে ব্যবহার হলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’
ওই বাগানের ছাউনিতে গরু রেখে কোরবানি দিয়েছেন পাশের প্রফেসরপাড়ার ভাড়াটে স্কুলশিক্ষক মনোয়ারা খাতুন। তিনি বলেন, ‘এই বাগানে গরু রেখে ভাগে কোরবানি দিতে পেরে ভালোই লাগে। মনে হয় নিজের মহল্লাতেই কোরবানি দিচ্ছি সবার সঙ্গে মিলেমিশে।’
পাশের মহল্লার ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার তৌফকুল ইসলাম বলেন, ‘আমার গরুটাও রেখেছিলাম বাক্কারের ছাউনিতে। এটা না থাকলে অনেক ঝামেলায় পড়তাম। বাক্কার ও তাঁর সহযোগীরা ভালোই উপকার করছেন মহল্লাবাসীর। শহরে এমন পরিবেশ আর কোথাও নেই। বাগানের মালিকেরাও উদার মনের মানুষ। এই সুযোগ দেওয়ায় তাঁদের সাধুবাদ জানাই। এভাবে এক স্থানে কোরবানি দিতে পারায় মহল্লাবাসীর মধ্যে সম্প্রীতির বন্ধন মজবুত হচ্ছে।’