
লক্ষ্মীপুর সদর উপজেলায় কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। নুরুল আমিন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এ ঘটনায় ১১ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, এসআই আবদুর রহিম ও পুলিশ সদস্য মোজাম্মেল হোসেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মো. আকবর, আবদুর রহমান, মো. হাসান, মো. রাজু, রাজিবসহ অন্তত ১৭ জন আহত হন। প্রাথমিকভাবে সবার নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীরা জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের জন্য ৩ মার্চ ১৬ সদস্যের একটি প্রস্তুতি কমিটি করা হয়। ওই কমিটিতে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে আহ্বায়ক করা হয়। কিন্তু ওই কমিটির বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী সোলাইমানকে জানানো হয়। এ নিয়ে তাঁদের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আজ সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সভা করে দুই পক্ষ। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। সন্ধ্যা সাতটার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে বলেন, দলের নিয়ম মেনে কামাল হোসেনকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়। তিনিও ওই কমিটির সদস্য। কিন্তু গিয়াস উদ্দিনরা কমিটি করার কারণে ক্ষুব্ধ হন। তাঁরা অতর্কিত তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা করেন।
তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিয়ম মেনে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়নি। ওই কমিটির বিরুদ্ধে আমাদের নেতা-কর্মীরা বিক্ষোভ করতে গেলে নুরুল আমিনের লোকজন তাঁদের ওপর হামলা করেন।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার ও কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।