
বাগেরহাটের মোংলার লোকালয় থেকে আজ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে চার ফুট লম্বা একটি অজগর সাপ। উদ্ধার করা সাপটিকে অবমুক্ত করতে বন বিভাগ সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে গেছে।
সুন্দরবনের পূর্ব বন বিভাগের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির প্রথম আলোকে জানান, উপজেলার চিলা ইউনিয়নের কানাইনগর এলাকা থেকে সিপিপি সদস্য আবদুল গফুর পশুর নদের তীর এলাকায় সাপটিকে দেখতে পান। পরে তিনি সাপটিকে একটি জালের সাহায্যে আটকে রেখে বন বিভাগকে জানান।
খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল গিয়ে মো. আজাদ কবির সাপটিকে উদ্ধার করেন। চার ফুট লম্বা এ সাপটির বয়স প্রায় এক বছর, ওজন দুই কেজি। আগামীকাল ১০ মার্চ সাপটিকে বনে অবমুক্ত করা হবে।